Logo
Logo
×

অভিমত

নির্বাচনের ট্রেন লাইনচ্যুত হতে পারে

Icon

জাফর আব্বাস

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম

নির্বাচনের ট্রেন লাইনচ্যুত হতে পারে

সংবাদ মাধ্যমের অতিপ্রচারণা, প্রশাসন-আমলাতন্ত্র-পুলিশের তৎপরতা এবং নির্বাচন কমিশনের লেজুড়বৃত্তির কারণে ওপরে সবই ঠিকঠাক চলছে বলে মনে হচ্ছে। কিন্তু ভেতরে কিছুই ঠিক নেই। ৭ জানুয়ারির আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশন দেশ-বিদেশের বড় ধরনের চাপের মধ্যে আছে। 
২০১৪ সালে ১৫৪ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনায় ওই সংসদটি দেশে-বিদেশে বৈধতা পায়নি। ২০১৮ সালের নির্বাচনও গ্রহণযোগ্যতা পায়নি রাতের বেলা ভোট হওয়ার কারণে। বাংলাদেশে সবাই একমত, দলীয় সরকারের অধীনে কোনো অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। কিন্তু সরকার সংবিধানের দোহাই দিয়ে বারবার বলে আসছে, দলীয় ব্যবস্থাপনাতেও ভাল নির্বাচন সম্ভব। ২০২৪ সালে নির্বাচনে মূলত সেটি প্রমাণ করতে চেয়েছিল সরকার। 
আন্তর্জাতিক নানা মহলের সর্বাত্মক চাপ ও নজদারির মধ্যে সরকারের মুখ্য চালেঞ্জ ছিল, যে কোনো মূল্যে নির্বাচনটিকে গ্রহণযোগ্য হিসেবে দেখানো। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না সেটি তারা আগেই জানিয়ে দিয়েছিল। সরকারও অনড় ছিল যে কিছুতেই নির্বাচনকালীন নিরপেক্ষ ব্যবস্থা ফিরিয়ে আনবে না। এই প্রেক্ষাপটে তারা বিএনপিকে নির্বাচনে আনার কোনো চেষ্টাই করেনি। ২৮ অক্টোবরের পর বিএনপির ওপর ক্রাকডাউন চালিয়েছে। দলটির ২০ হাজারর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। দুই হাজার নেতাকর্মীকে বিভিন্ন পুরনো মামলায় সাজা দিয়েছে। সাজার কারণে দলটির শীর্ষ নেতাদের খুব কমই জনেরই এখন নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা আছে। নির্বাচনের আগে দলটির নেতাকর্মীদের তাড়িয়ে নিয়ে বেড়িয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। 
এসবের লক্ষ্য কী? 
কেন সরকার এমন করেছে? 
বিএনপিকে নির্বাচনে আনার জন্য? মোটেও নয়।
এই ক্র্যাক-ডাউনের লক্ষ্য ছিল বিএনপিকে টুকরো করে ফেলা। বিএনপি নির্বাচনে আসবে না, কিন্তু দলটি থেকে নেতাকর্মীদের ভাগিয়ে নিয়ে ছোট দলগুলোতে ভেড়াতে পারলে সরকার দেখাতে পারতো বিএনপি নির্বাচনে না এলেও দলটির অনেক নেতা নির্বাচনে এসেছেন। দীর্ঘদিন ধরে এই ছক সাজানো হয়েছে। অনেক আগে থেকে তৃণমূল বিএনপি, বিএসপি ও বিএনএফ নামে তিনটি দল গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের সহায়তায় দল তিনটিকে নিবন্ধন দেওয়া হয়েছে। বড় বাজেট সরবরাহ করে দল তিনটিকে প্রস্তুত করা হয়েছে। কিন্তু বিএনপি'র নেতাদের ভয় দেখিয়ে, চাপ দিয়ে, জেল-জুলুম-সাজা দিয়েও দল তিনটিকে সফল করে তোলা যায়নি। 
তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেই বোঝা গিয়েছে সরকারের এই প্রকল্প ভেস্তে গেছে। অথচ, এই প্রকল্প নিয়ে সরকার এতটাই কনফিডেন্ট ছিল যে, তারা দীর্ঘদিনের সঙ্গী জাতীয় পার্টিকে পাত্তাই দিচ্ছিল না। বলছিল, জাতীয় পার্টি নয়, তৃণমূলের মতো দলগুলোই বিরোধী দলের ভূমিকা পালন করবে। কিন্তু শেষ পর্যন্ত জাতীয় পার্টির কাছেই ফিরতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত চাপ দিয়ে, কৌশল করে, ছাড় দিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে রাখতে হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন অতিক্রম করার পর দেখা গেল, সরকারের বানানো দল তিনটি পাতানো নির্বাচনের আসন ভাগাভাগিতেও কোনো সুবিধা করতে পারেনি। বলতে গেলে, নির্বাচনের আগেই তারা আঁস্তাকুড়ে নিক্ষেপিত হয়েছে।
তার মানে নির্বাচন নিয়ে সরকারের মূল পরিকল্পনাই আসলে ব্যর্থ হয়েছে। 
দ্বিতীয় পরিকল্পনা ছিল, নির্বাচনটিকে প্রতিযোগিতামূলক দেখানোর। কিন্তু জাতীয় পার্টি সহ ১৪ দলের শরিকদের অবিশ্বাসী মনোভাবের কারণে সরকার শেষ পর্যন্ত প্রকাশ্যে ঘোষণা দিয়ে আসন ভাগাভাগি করতে বাধ্য হয়েছে। শরিক ও সঙ্গীরা মনে করছে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই তারা জেতার নিশ্চয়তা চেয়েছে। আগেই আসন ভাগাভাগি করে নিয়েছে। মেসেজটা স্পষ্ট। নির্বাচনে যাওয়া দলগুলোও বিশ্বাস করছে না, নির্বাচন ভাল হবে। প্রতিযোগিতামূলক দেখানোর জন্য শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীদেরই ডামি সেজে নির্বাচন করতে হচ্ছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দল হিসেবে আওয়ামী নিজেকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলেছে। এখন মনে হচ্ছে এ ব্যবস্থায় সবাই নিয়ন্ত্রণে আছে বা থাকবে কিন্তু শেষ পর্যন্ত সব প্রার্থী নিয়ন্ত্রণে নাও থাকতে পারে।
নির্বাচনের ফল সবার জানা। আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করবে। বিরোধী দলের আসনে বসবে জাতীয় পার্টি। আওয়ামী লীগের ডামি প্রার্থীরা জিতবেন ৮০ থেকে ১২৭ আসনে। কোনো অঘটন না ঘটলে এই ডামি প্রার্থীরা হয়তো শেষ পর্যন্ত আওয়ামী লীগকেই সমর্থন করবেন। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, ফল যখন নির্ধারিত হয়ে গেছে তখন আর ভোট করে লাভ কী? ঘোষণা দিলেই হয়।
কথাটায় যুক্তি আছে।
তার মানে, সরকার ও নির্বাচন কমিশন তিনটি জায়গায় ব্যর্থ হয়েছে।
১. নির্বাচনে প্রকৃত বিরোধী দল বিএনপির কোনো অংশগ্রহণ তারা দেখাতে পারেনি।
২. দেশে-বিদেশে সবার কাছে স্পষ্ট হয়েছে, বিএনপিকে নির্বাচনে আসতে বাধা দিতে এবং দলটি ভাঙতেই সরকার ক্র্যাক-ডাউন চালিয়েছে।
৩. নির্বাচন যে প্রতিযোগিতামূলক হবে না, ভোটের আগে আসন ভাগাভাগির মাধ্যমে সেটি স্পষ্ট হয়েছে। অর্থাৎ বিশ্বাসযোগ্যভাবে প্রতিযোগিতামূলক ভোটের অভিনয় করতেও তারা ব্যর্থ হয়েছে।
এ পরিস্থিতিতে, বিদেশী শক্তিগুলো স্পষ্টভাবে বুঝতে পারছে আওয়ামী লীগের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন একেবারেই অসম্ভব। বিদেশীদের বোঝানোর মূল চ্যালেঞ্জে সরকার মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ তো সবই বোঝে। তাদের সে বোঝার কোনো গুরুত্ব সরকারের কাছে নেই।
পরিস্থিতির জটিলতা অনুধাবন করে সরকারের ভেতর ইতিমধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। দায়িত্বশীলরা বুঝতে পারছেন, এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না। নির্বাচনের পরপরই নানা নিষেধাজ্ঞার চাপে পড়তে যাচ্ছেন তারা। 
এমনকি নির্বাচনের আগেও কোনো শক্ত পদক্ষেপ আসতে পারে। শিখ নেতাকে হত্যার পরিকল্পনার কারণে ভারত পশ্চিমাদের চাপে আছে। তারা পাতানো নির্বাচনের ব্যাপারে সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে গেলেও শেষ পর্যন্ত তারাও নিশ্চিত না এই সরকার টিকবে কি না। এমনকি এই দফা সরকার টেকানোর মতো পরিস্থিতি ভারতের থাকবে না বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। তবে, পাতানো এই নির্বাচন গুছিয়ে দেওয়ার কাজ করে তারা বেশ কামিয়ে নিচ্ছে।
এ অবস্থায় আগামী কয়েকটা দিন বেশ গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগেই কোনো নাটকীয় ঘটনা ঘটে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ভাল নির্বাচন করার কোনো প্রতিশ্রুতিই সরকার রক্ষা করতে পারেনি। বিদেশী শক্তিগুলোর কাছে সবকিছুই স্পষ্ট হয়ে গেছে। এই অবস্থায়, আওয়ামী লীগের অবস্থান পুরো নড়বড়ে হয়ে পড়েছে। 
কোনো কোনো বিশ্লেষক বলছেন, বিরোধী দলের বড় কর্মসূচির সম্ভাবনা তো আছেই। মার্কিন যুক্তরাষ্ট্রের শক্ত পদক্ষেপের সম্ভাবনাও বাড়ছে। মার্কিনিরা বুঝতে পারছে, পুরো বাংলাদেশ তাদের দিকে তাকিয়ে। এই অবস্থায় নিষ্ক্রিয় থাকলে তারা সমর্থন হারাবে। কিন্তু সবচেয়ে অবাক ব্যাপারও ঘটতে পারে। ভিসা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক স্যাংশন থেকে সমর্থকদের রক্ষা করতে আওয়ামী লীগও নাটকীয় ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া স্থগিত করার আহবান জানাতে পারে। সেক্ষেত্রে সংসদ ভেঙে পরের ৯০ দিনের মধ্যে নির্বাচনের সম্ভাবনা বাড়ছে।
   

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন