রাজনীতির নোংরা খেলা : বাসে-ট্রেনে আগুন দিচ্ছে কে?
রাজনীতির নোংরা খেলা : বাসে-ট্রেনে আগুন দিচ্ছে কে?
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম
রাজনীতির নোংরা খেলা : বাসে-ট্রেনে আগুন দিচ্ছে কে?
দেশে আবারও শুরু হয়েছে শান্তিপূর্ণ কর্মসূচিকে কালিমাযুক্ত করার নোংরা রাজনীতির ধারা। উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর অপরাজনীতির বলি হচ্ছেন সাধারণ মানুষ। মঙ্গলবার ভোর রাতে রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে ট্রেনে আগুনে পুড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে শিশুসহ চার জনের।
আগুনে ট্রেনটির তিনটি বগি পুড়ে যায়। এর মধ্যে একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, ভোর পাঁচটা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে পাঁচটা ২৫ মিনিটে আগুন নেভানো হয়।
মরদেহগুলোর মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ। এর মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩৫) এবং তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন।
এর আগেও বিভিন্ন সময় রাজধানীতে বাসে আগুন এবং সেই আগুনে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া এসব আগুনের ঘটনায় বিরোধী মতের হাজার হাজার নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। গ্রেপ্তার দেখানো হয়েছে। হয়রানি করা হয়েছে। কিন্তু কে, কেন কিভাবে আগুন লাগিয়েছে তার কোন তদন্ত প্রতিবেদন কস্মিনকালেও প্রকাশ করা হয়নি। দেশের মানুষ জানতে পারেনি এসব আগুনের পেছনে আসলে কে?
গত ২৯ অক্টোবর দেশের বিভিন্ন গণমাধ্যমের একটি খবর দেশবাসীকে অবাক করেছিল। বেশিরভাগ গণমাধ্যমে খবরটির শিরোনাম ছিল প্রায় একই রকম। ডিবির পোশাকে বাসে আগুন : অভিযোগ চালকের। যদিও নানান চাপে পরে অনেক গণমাধ্যম খবরটি ‘কিল’ করে।
পরের দিন মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ ব্রিফিং করে বলেছেন, ডিবির পোশাকে কে আগুন দিয়েছে খুঁজে বের করা হবে। দু’মাস পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে এমন খবর জানায়নি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমে ২৯ অক্টোবর যে প্রতিবেদন করা হয়েছিল তাতে বলা হচ্ছে- ‘‘বিএনপির সমাবেশ ঘিরে শনিবার ঢাকা যখন রণক্ষেত্রে পরিণত হয়, তার পরপরই গোয়েন্দা পুলিশের জ্যাকেট পরা দুই ব্যক্তি বাসে আগুন দেয় বলে অভিযোগ করেছেন চালক।
শনিবার বিকাল ৫টার দিকে কাকরাইল এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয় বলে চালক মনির হোসেন জানান।
ঢাকা-কুমিল্লা রুটের এশিয়ান পরিবহনের বাসটি ডিবি পুলিশ ‘রিকুজিশন' করেছিল দাবি করে তিনি বলেন, “বাসটিতে করে ডিবি পুলিশ সদস্যরা কাকরাইলে এসে নেমে যায়। এরপরে দুইজন ডিবি পুলিশ লেখা জ্যাকেট পরে বাসের মধ্যে ঢুকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে মোটরসাইকেল করে পালিয়ে যায়।"
বাসের হেলপারের জামাতেও আগুন লেগে যায় জানিয়ে কাঁদতে থাকা মনির দাবি করেন, ঘটনার সময় আশপাশে পুলিশ সদস্যরা ছিলেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, তারা ঘটনাটি শুনেছেন, এ ব্যাপারে তদন্ত চলছে।’’
খবরটি আঁতকে ওঠার মতো। সরকারি বাহিনীর পোশাকে কেউ যদি আগুন লাগিয়ে থাকে তাহলে তাদের গ্রেফতার বা আটক করতে পুলিশের এই ব্যর্থতা নিশ্চই আমলে নেয়ার মতো বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তারা মনে করেন, বাংলাদেশে রাজনীতির নোংরা খেলার বলি হচ্ছেন সাধারণ মানুষ। সুষ্ঠু তদন্ত এবং সত্যিকারের দায়ীরা ক্ষমতাশালী এবং রাজনৈতিক ছত্রছায়ায় অপরাজনীতি বাস্তবায়নের কারিগর বলে তারা ধরাছোঁয়ার বাইরে থাকে। ক্ষমতা চিরস্থায়ী করার অভিপ্রায় এবং বিরোধী মতকে দমনের কূটকৌশল হিসেবেও এ ধরনের রাজনৈতিক নোংরামি হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আর এর বলি হয় সাধারণ মানুষ।
