জাতীয় পার্টি কী আওয়ামী লীগ ও ভারতীয় প্রভাবের বাইরে যেতে পারবে?
আহমেদ কল্লোল
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৭ এএম
জাতীয় পার্টি নির্বাচনে যাবে। এটা অনুমিতই ছিল। মাঝে একটু নাটক মঞ্চস্থ হলো। দর কষাকষির চেষ্টা করলো জাতীয় পার্টি। মান, অভিমানের খেলাও চললো খানিকটা। কিন্তু শেষ পর্যন্ত যা হাওয়ার তাই হয়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় পার্টির মহাসচিব ঘোষনা দিলেন তারা নির্বাচনে থাকছেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আশ্বাস তারা পেয়েছেন। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যখন এই ঘোষণা দিচ্ছিলেন সংবাদ সম্মেলন করে তখন পার্টির চেয়ারম্যান জিএম কাদের কেন্দ্রীয় কার্যালয়েই ছিলেন। কিন্তু তিনি সংবাদ সম্মেলনে আসেননি। দলের পক্ষ থেকে মুজিবুল হক চুন্নুই যা বলার বলে দিয়েছেন। এর আগে অবশ্য জি এম কাদের ঢাকা ১৭ ও কাজী ফিরোজ রশিদ ঢাকা ৬ আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
জিএম কাদের প্রকাশ্যে আসলেন না। গত কয়েকদিন ধরেই তিনি আড়ালে ছিলেন। এই সময় নানা কথা ছড়াতে থাকে। কেউ কেউ বলার চেষ্টা করলেন জাতীয় পার্টি নির্বাচনে যাবে না শেষ পর্যন্ত। এই সময়ে এসে জাতীয় পার্টি আর বেঈমান হতে চায় না। দলটির নেতা কর্মীরাও নাকি নির্বাচনে যেতে চান না। এই ধরনের নানা আলাপ আলোচনা হয়েছে।
এবারই প্রথম না। অনেকবারই জাতীয় পার্টি আওয়ামী লীগের ছায়া থেকে বের হয়ে আসার চেষ্টা করেছে। কিন্তু কোনোবারই সফল হতে পারেনি। এই যে জাতীয় পার্টির বার বার আওয়ামী লীগের সঙ্গ থেকে বের হয়ে আসার চেষ্টা করা বা নিজস্ব একটি অবস্থান তৈরির চেষ্টা। এসব অযথাই লোক দেখানো রাজনীতি ছাড়া আর কিছুই না।
বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গ থেকে জাতীয় পার্টির বের হয়ে আসা কখনই সম্ভব না। এই দল দুটির সম্পর্ক বেশ গভীরে এবং দীর্ঘকালের। এই আলাপ শুরু করলে ১৯৮৬ সাল থেকেই শুরু করতে হয়। ওই সময় সব দল নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী নির্বাচনে গিয়েছিল। এর পর থেকে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির দুরত্ব খুব বেশি বাড়েনি। মাঝে মধ্যে ভাটা আসলেও শুকিয়ে যায়নি একেবারেই। ৯০ দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলন নিয়ে আওয়ামী লীগের গরিমসি অনেকটাই প্রকাশ্য ছিল ওই সময়। এমনকি জেনারেল এরশাদের পতনের পর আবারো আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই সঙ্গে রাজনীতির মাঠে কাজ করেছে। প্রকাশ্যে ও আড়ালে দুই জায়গাতেই এই দুই দল সক্রিয় ছিল।
মাঝে দুই একবার লোক দেখানোর জন্য হলেও আওয়ামী লীগের সঙ্গে পরিত্যাগের চেষ্টা করেছে। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটেও যোগ দিয়েছিলেন এরশাদ। কিন্তু তা ছিল ক্ষণস্থায়ী এক জোট। পরে কালের পরিক্রমায় আবার আওয়ামী লীগের সঙ্গে ভিড়ে যায়। এখানে লক্ষ্যনীয় বিষয় হচ্ছে রাজনীতির মাঠে সিদ্ধান্ত গ্রহনের সময়গুলোতে জাতীয় পার্টি সব সময়ই আওয়ামী লীগের সঙ্গেই ছিল। ১৯৯০ ছাড়া ১৯৮৬, ২০০১, ২০০৮ সহ নির্বাচনেই জাতীয় পার্টি আওয়াম লীগ একে অপরকে সহায়তা করেছে। ২০১৪ সালে এরশাদ একটু গাইগুই করলেও ভারতীয় প্রতিনিধি এসে ঝামেলা মিটিয়ে দিয়েছিলেন।
জাতীয় পার্টি কেন আওয়ামী লীগের বাইরে যেতে পারে না। রাজনৈতিক দর্শনের জায়গা থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে খুব বেশি মিল নেই। তারপরও এই দুই দল পরস্পরের হাত ছেড়ে দিয়ে খুব বেশি দিন দুরে অবস্থান করেনি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির এই চিরস্থায়ী সম্পর্কের কারণ ভারত বলে অনেকেই মনে করেন। ধারণা করা হয় এই দল দুটিই অনেকটাই ভারত কর্তৃক তৈরি করা, পরিচালিত ও নিয়ন্ত্রিত। সৃষ্টির সময়ের মধ্যে কয়েক দশকের পার্থক্য থাকলেও একই উদ্দেশ্য নিয়ে ভিন্ন দুইটি আদর্শিক ধারণাকে ভিত্তি করে এই দল দুটি ভারতের তত্ত্বাবধানেই চলছে। ১৯৪৭ সালের পর মুসলিম লীগের রাজনীতির পাল্টা রাজনীতি হিসাবে হিসাবে আওয়ামী লীগ তৈরি করা হয়েছিল। আওয়ামী লীগকে অনেকটাই ভারতীয় কংগ্রেসের এই দেশীয় রূপ বলা যায়। কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্ক বেশ নিবিড়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগের বিকল্প হিসাবে জাসদ সৃষ্টি হয়েছিল। কিন্তু দাড়াতে পারেনি। পরে বিএনপির সৃষ্টি হয়। এবং বিএনপি বেশ ভালোভাবেই আওয়ামী ঘরাণার বিপরীত রাজনীতির হাল ধরে। মূলত বিএনপিকে ঠেকাতেই বিএনপির রাজনীতির কাছাকাছি আদর্শিক জায়গা থেকে জাতীয় পার্টি তৈরি করা হয়। দিল্লী বাংলাদেশে ভারতপন্থী ও ভারতবিরোধী দুই শিবিরের রাজনীতিতেই নিজেদের প্রতিনিধির অবস্থান নিশ্চিত করতে চেয়েছিল। তাই জাতীয় পার্টির সৃষ্টি করা।
তাহলে কি কখনো জাতীয় পার্টির পক্ষে আওয়ামী লীগের অবস্থানের বাইরে যাওয়া সম্ভব হবে? এর উত্তর হচ্ছে না। জাতীয় পার্টির পক্ষে শেষ বিচারে কখনোই আওয়ামী লীগের অবস্থানের বাইরে যাওয়া সম্ভব হবে না। তাই এবারো নানা কথা বার্তা বলে শেষ পর্যন্ত নির্বাচনে যাওয়ারই ঘোষণা দিল। জাতীয় পার্টি যদি কখনো আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে চলে যায় তাহলে বুঝতে বাংলাদেশে ভারতের প্রভাব কমে এসেছে বা দুর্বল হয়ে গেছে।
