আরেকটা অদ্ভুত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২০১৪ সালের জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন আর ২০১৮ সালের ডিসেম্বরের মহাপ্রতারণার নির্বাচনের পর আর কেউ আশা করে না যে শেখ হাসিনার অধীনে নির্বাচনের ন্যূণতম মান রক্ষা করা সম্ভব। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপির যে আন্দোলনে তাতে বাড়ছিল মানুষের অংশগ্রহণ। ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করে দিয়ে রাজপথ আর রাজনীতি দু’য়েরই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আওয়ামী লীগ। বিএনপিবিহীন একটি ‘নির্বাচন’ এর মাধ্যমে নিজের ক্ষমতার মেয়াদ আরেকবার নবায়নের পথে শেখ হাসিনার সামনে ‘সময়’ ছাড়া আর কোন বাধা নেই।
দীর্ঘদিন ধরে আন্দোলন গুছিয়ে আনা বিএনপি হয়ে পড়েছে কিংকর্তব্যবিমূঢ়। তবে আবার জনগণকে নিয়ে মাঠে নামছে দলটি। হয়তো বিএনপির এই নবোদ্যমে মাঠে নামা নিকট ভবিষ্যতে কোন ফল বয়ে আনবে না, কিন্তু অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে লড়াইটা চলমান রাখার ক্ষেত্রে বিএনপির এই অদম্য প্রয়াস ইতিহাসের পাতায় মর্যাদার সাথে স্থান পাবে।
যাইহোক নির্বাচন প্রসঙ্গে আসি। শেখ হাসিনা তার নিজস্ব উদ্ভাবনী শক্তি দিয়ে দেশের মানুষকে বোকা বানাতে দারুণভাবে সক্ষম হয়েছেন, মানুষকে এতটা বাকহীন বা নীরব অতীতে আর কোন স্বৈরাচার করতে পারেনি।
শেখ হাসিনার ভাগ্য আরেকটা দিক থেকে যথেষ্ট পরিমাণ ভাল যে দেশের শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির তথাকথিত দিকপালরা বরাবরই চেতনার ধারক বাহক হওয়ার কারণে শেখ হাসিনাকেই বাঙালি জাতির আশার প্রতীক বলে মনে করেন। তাদের অনেকেই সরকারের পদলেহন করেন ক্ষমতার হালুয়ার ভাগ বা উচ্ছিষ্টের জন্য। তারা উন্নয়নের রঙিন চশমা চোখে পড়ে আছেন, ফলে মানুষের রাগ, ক্ষোভ আর অপমানের বিষয়টি তাদের চোখে পড়ে না।
দেশের বুদ্ধিজীবী আর সুশীল সমাজের একটি অংশ দেশে ফ্যাসিজমের উত্থানে বেদনাহত, কিন্তু তারা নীরবতাকেই শ্রেয় মনে করছেন। কারণ তারা জানেন, তাদের ন্যায়ানুগ কথা শোনার মত মন আর মেজাজ ক্ষমতার কাঙালরা হারিয়ে ফেলেছেন, তারা যাই বলবেন তাতেই তারা তেতে উঠবে, মান সম্মান নিয়ে সমাজে বাস করাই তখন কঠিন হয়ে উঠবে।
শুক্রবার ঢাকার ধানমন্ডিতে উত্তরসুরী আয়োজিত এক আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘যে গণতান্ত্রিক সমাজ আমাদের প্রত্যাশিত, সেখানে যথাযথ জনপ্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠিত হতে হবে। কিন্তু বাস্তবে আমাদের সমাজে তা হয়নি ‘
আবারও জনপ্রত্যাশার বিপরীতে একটি নির্বাচন হতে যাচ্ছে দেশে। সেই নির্বাচনের বিরুদ্ধে কথা বলা প্রতিটি সচেতন মানুষের দায়িত্ব। কিন্তু সবাই অদ্ভুতভাবে চুপ করে আছে, সবাই নীরব। মনে হচ্ছে, সবার অপেক্ষা কোন অলৌকিক শক্তির। তারা ভাবছেন এবং সম্ভবত: চাইছেনও কোন অলৌকিক শক্তি এসে সব থামিয়ে দেবে!
আমাদের দেশে এখনও অনেক বুদ্ধিজীবী আছেন যাদের মানুষের ওপর যথেষ্ট প্রভাব আছে, কিন্তু সমাজ আর রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে যে অপশক্তি তাদের ওপর কোন প্রভাব নেই তাদের, যদি থাকতো তাহলে দেশে গণতন্ত্রের এমন বিদঘুটে হাল দেখতে হতো না। তারা বেশ বুঝতে পারছেন যে, ক্ষমতার দানবীয় অপশক্তিকে রোখা বা রোধ করা সম্ভব নয় তাই তারা নিজেদের আড়াল করে রাখছেন। সম্ভবত: তারাও মানুষের জেগে ওঠার অপেক্ষায়। যে বুদ্ধিজীবীরা মানুষকে জাগাতেন, তারাও এখন মানুষের জাগার অপেক্ষায়।
