Logo
Logo
×

অভিমত

বিএনপি কি নিষিদ্ধ পার্টি?

Icon

শাকিল জোবায়ের

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম

বিএনপি কি নিষিদ্ধ পার্টি?

বিএনপি কি নিষিদ্ধ পার্টি? তাদের দলীয় কার্যালয়টি বন্ধ করে রাখা হয়েছে দেড় মাসেরও বেশি সময় ধরে। পুলিশ একটি তালাবদ্ধ ঘর পাহারা দিচ্ছে। আশপাশে এমন একটা পরিবেশ করে রাখা হয়েছে যে ওই অফিসে বিএনপির নেতা তো দূরের কথা, সাধারণ কর্মীরাও যেতে সাহস পাবেন না। আবার সরকারের মন্ত্রী আর পুলিশ বাহিনী বলছে, বিএনপির কার্যালয়ে পুলিশ তালা দেয়নি, বিএনপিই তালা দিয়ে রেখেছ! কি হাস্যকর কথা। মানুষকে বোকা বানানোর এসব কথা বলে নিজেদেরই হাস্যকর করে তুলছে পুলিশ। বিএনপি কেন তাদের কার্যালয়ে তালা দিয়ে রাখবে?

প্রশ্ন উঠতে পারে তাহলে বিএনপি কেন অফিস খুলতে যাচ্ছে না? বিএনপি নেতা-কর্মীরা তাদের ঘরেই নিরাপদ না, তারা সেখানে থাকতে পারছে না, পুলিশ হানা দিচ্ছে, সেখানে পুলিশের স্থায়ী পাহারা দেয়া অফিস তারা খুলতে যাবে এতটা এডভেঞ্চার বিএনপি নেতারা করতে যাবেন কেন?

এরইমধ্যে ঘটলো আরেক ঘটনা। বুধবার রাতে গুলশান থানার পুলিশ হানা দেয় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। সেখানে গিয়ে তারা অফিসের নানা কক্ষের ভিডিও করে নিয়ে আসে। কর্মচারীদের শাসিয়ে আসে এই অফিসে যেন সকালে কেউ না আসে। বিএনপির পরিকল্পনা ছিল এই কার্যালয়টি থেকে তারা মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাবেন শ্রদ্ধা জানাতে। পুলিশ বলে এসেছে কেউ যেন এই অফিসে না আসে। এমনকি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর জন্য তারা যে ফুল এনেছিল সেই ফুলের রিংও নিয়ে যায় পুলিশ।

এ কি অনাচার! বিএনপির কি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি কি শ্রদ্ধাও জানানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে? পুলিশের তৎপরতার খবর গণমাধ্যমে প্রকাশ পেলে পুলিশ গিয়ে ফুলের রিং দিয়ে আসে। তবে সে সময় তারা ফের শাসিয়ে আসে যাতে বিএনপির সীমিত সংখ্যক নেতা শ্রদ্ধা জানাতে যান।

পুলিশের উদ্দেশ্য ছিল বিএনপির নেতা-কর্মীদের আরও আতংকিত করা। কিন্তু তারা তা হননি, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির নেতারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সেখানে মঈন খান সাংবাদিকদের বলেন, বিএনপি রাজপথে আছে, রাজপথে থাকবে। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে সরকার। দমন-পীড়ন করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে তাই মানুষ সিদ্ধান্ত নিয়েছে, এ সরকারকে বিদায় করবে। ৭ জানুয়ারির নির্বাচন নিয়েও কথা বলেন তিনি, মঈন খান বলেন, দেশে ভোট নয়, বানরের পিঠা ভাগের মতো করে আসন ভাগাভাগি করছে আওয়ামী লীগ। যে ফলাফল ঠিক করে দেয়া হবে সেটাই শুধু ৭ জানুয়ারি ঘোষনা করা হবে।

বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ ভয়ংকর কায়দায় পণ্ড করে দিয়েছে পুলিশ। এরপর থেকে চলছে গ্রেফতার আর হয়রানি। বিএনপি এর মধ্যেও নিয়মতান্ত্রিক রাজনীতি করছে। প্রেসক্লাবে নিয়মিত সভা-সমাবেশ করছে। কিন্তু সরকারের সম্ভবত: এটুকুও সহ্য হচ্ছে না, তারা বিএনপিকে আরও কোণঠাসা করতে চাচ্ছে, জব্দ করতে চাচ্ছে। আওয়ামী লীগের এই নীপিড়ণ আর নির্যাতনের জবাব দিতে বিএনপি নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে, যার ইঙ্গিত মিললো মঈন খানের দেয়া ‘বিএনপি রাজপথে আছে, রাজপথে থাকবে।‘ এই বক্তব্যে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন