Logo
Logo
×

অভিমত

সবাই তো আর শেখ হাসিনার ব্রেনে চলে না!

Icon

ইয়াসির আরাফাত

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম

সবাই তো আর শেখ হাসিনার ব্রেনে চলে না!

স্বতন্ত্র প্রার্থীতা উন্মুক্ত করে দিয়ে আওয়ামী লীগের অনেক বড় ক্ষতি করে ফেলেছেন দলটির সভাপতি শেখ হাসিনা ও তার দলের ক্ষমতালিপ্সু নেতারা। দলটির সুহৃদ, শুভাকাঙ্ক্ষীরা তো বটেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও বলছেন এ কথা। তারা বলছেন, নির্বাচনী নাটক জমজমাট করতে এবার দলের ভেতরে কোন্দল লাগিয়ে দিলেন দলটির সভাপতিসহ শীর্ষ নেতারা। বর্তমান সংসদের ৭৩জন সদস্যকে মনোনয়ন দেয়া হয়নি। বাদ পড়েছেন বর্তমান তিন প্রতিমন্ত্রী এবং সাবেক একাধিক মন্ত্রীও। ব্যক্তিগত পছন্দ আর অপছন্দে যেমন মনোনয়ন দেয়া হয়েছে, যারা বাদ পড়েছেন তারাও মনোনয়ন পাননি ব্যক্তিগত অপছন্দের কারণে।

যারা মনোনয়ন পাননি তারা সবাই হতাশ, তাদের অনেকেই বিষন্নচিত্তে কিন্তু হাসিমুখে মেনে নিয়েছেন তাদের ভাগ্য। আবার অনেকেই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। শুধু এইসব এমপিই নন, দলটির বিভিন্ন স্তরের আরও অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা নির্বাচনে থাকবেন বলে জানিয়েছেন। বাংলায় একটি প্রবাদ আছে ‘ছাগল নাচে খুঁটির জোরে’। যারা দলীয় মনোনয়ন না পেয়েও নির্বাচনী ময়দানে থাকবেন বলে হুংকার দিচ্ছেন তারা নিজেদের কোমড়ের জোরেই তা করছেন না। আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের মদদ যোগানো হচ্ছে, ইন্ধন দেয়া হচ্ছে। বাংলাদেশে কোনো নির্বাচনেই দলের মনোনয়ন বঞ্চিতদের নির্বাচনের সুযোগ দেয়া হয়নি, কেউ এমনটা করলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে বলা হতো বিদ্রোহী প্রার্থী। এবারই দল থেকে বলা হয়েছে, মনোনয়ন না পাওয়া ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে!

এটা কেন করলো আওয়ামী লীগ? করেছে ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচনের পুণরাবৃত্তি ঠেকাতে। সেবার ১৫৩টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের নেতারা। এবার কাউকে বিনা ভোটে এমপি হতে দেয়া হবে না, তাই এই স্বতন্ত্র প্রার্থীর নাটক। অবস্থাটাকে অনেকে বলছেন সিল যেখানেই মারুক না কেন তা গিয়ে নৌকার ঘরেই পড়বে, যেই নির্বাচিত হোক সে আওয়ামী লীগেরই হবে। এক সময় ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নেয়া হবে বা ঘরের ছেলে ঘরে ফিরে যাবেন, স্বতন্ত্র এমপি হিসেবে থাকতে কেউই আগ্রহী হবেন না, সরকার দলীয় এমপি না হলে সরকার দলীয় নেতাদের সাথে তারা কুলাবেন কী করে?

যাইহোক, আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীই মনে করেন, দলকে স্থায়ীভাবে বড় ধরণের বিভক্তির দিকে ঠেলে দেয়া হয়েছে। যে এলাকায় এমপিরা মনোনয়ন পাননি তারা কোনভাবেই চাইবেন না তাদের রাজনৈতিক প্রতিপক্ষ সংসদে যাক, তারা নৌকাকে হারাতে একাট্টা হবেন। যারা নির্বাচনী নাটকের অংশ হিসেবে মনোনয়ন পেয়েছেন তারাও বুঝতে পারছেন জয়ী হওয়ার জন্য তাদের মনোনয়ন দেয়া হয়নি, তাদেরকে বলির পাঠা বানানো হয়েছে। কিন্তু তারা কেউই ‘বলির পাঠা’ হতে চাইবেন না। তারা লড়বেন জানপ্রাণ দিয়ে। লড়াই হবে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগেরই। তারপরও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই তাদের হয়তো শূণ্য হাতে ফিরিয়ে দেয়া হবে।

আওয়ামী লীগের নেতারা বলছেন, শেখ হাসিনা বলা যায় তার একক মেকানিজমে বার বার দলকে ক্ষমতায় এনেছেন। দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে গেছে। এখন শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা নয়। দলের ভেতরকার পুঞ্জিভূত ক্ষোভ এখন ক্ষমতার কারণে সামাল দেয়া যাচ্ছে, ভবিষ্যতে এটা বুমেরাং হয়ে আসবে। শেখ হাসিনা তার ‘ব্রেন’ দিয়ে অনেক কিছুই করে ফেলছেন, কিন্তু আওয়ামী লীগের সবার ‘ব্রেন’ কিন্তু শেখ হাসিনার ‘ব্রেন’ না। শেখ হাসিনা যা বুঝে দলের ভেতর এলোমেলো পরিস্থিতি সৃষ্টি করছেন সবাই তা সে ভাবে নাও বুঝতে পারে। তারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন মানে বুঝবেন দল তাদের মূল্যায়ণ করেনি, সময় আর সুযোগ পেলে তার জবাব তারা দেবেন। আসন্ন নির্বাচনেই সে জবাবের কিছুটা টের পাবে আওয়ামী লীগ এমনটাও আশংকা অনেকের।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন