নির্বাচনে গিয়ে মান-সম্মান খুইয়েছেন শাহজাহান ওমর
বাংলা আউটলুক বিশ্লেষণ
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম
বিএনপি থেকে বহিষ্কৃত শাহজাহান ওমর নৌকার প্রার্থী হয়ে নির্বাচনে গিয়ে চমক তৈরি করেছিলেন। বিএনপি সরকারের প্রতিমন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় নেতাও ছিলেন, বরিশাল অঞ্চলের রাজনীতিতেও তার মোটামুটি গুরুত্ব ছিল। তবে নির্বাচনে গিয়ে সবই খুইয়েছেন। তার নৌকার মনোনয়ন বৈধ হওয়ার পর নানা ঘটনায় দেখা গেছে, আগের মান-সম্মান খুইয়ে বসেছেন শাহজাহান ওমর।
সর্বশেষ দেখা যায়, বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এসে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পড়েন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের প্রার্থী হওয়া শাহজাহান ওমর (বীর উত্তম)।
দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। তর্কাতর্কির এক পর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীদের প্রবল আপত্তির মুখে সমিতি ভবন ত্যাগ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাহান ওমর।
জানা গেছে, বিএনপিপন্থী আইনজীবীরা শাহজাহান ওমরকে কটূক্তি করে নানা স্লোগান দেন। পরে পুলিশ সঙ্গে নিয়ে শাহজাহান ওমর সমিতি ভবনের সামনে থেকে চলে যান।
ঘটনা সম্পর্কে আইনজীবী গাজী কামরুল বলেন, শাহজাহান ওমর তাকে দুবার খবর দিয়েছিলেন। তিনি তার সঙ্গে দেখা করবেন না বলে জানিয়ে দেন। পরে শাহজাহান ওমর নিজেই পুলিশ নিয়ে তাঁর কক্ষে আসেন। দেখা না করায় তার সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন, হুমকি দেন।
এরপর আইনজীবীরা তাকে তাড়িয়ে দেন।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন নেয়ার পর তার আসনে শাহজাহান ওমরের কুশপুতুল দাহ করা হয়। দুদিন পর শাহজাহান ওমর ঝালকাঠি যান, গিয়েই জড়ান বিতর্কে। কাঠালিয়া উপজেলায় একটি স্কুল মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় তার সঙ্গে এবং এক সঙ্গীর কাছে আগ্নেয়াস্ত্র দেখা যায়, যে কারণে তাকে কারণ দর্শাতে বলেছে জেলা নির্বাচনি অনুসন্ধান কমিটি।
এ ঘটনায় সাংবাদিকদের সঙ্গেও অসদাচরণ করেন শাহজাহান ওমর। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলব? আমি কেন এসেছি এই বিষয়ে আপনাদের জবাবদিহিতা করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।
ছবি তুলতে চাইলেও রেগে যান তিনি। একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের এই প্রার্থী।
এরপর বুধবার সুপ্রিম কোর্টে তাড়া খান তিনি। সেখান থেকে যান ডিবি অফিসে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের সঙ্গে এক টেবিলে খাওয়ার একটি ছবিও প্রকাশ হয়। যেখানে দেখা যায়, ডিবি প্রধান হারুন অর রশীদ বসেছেন মাঝখানের চেয়ারে। তার বাম পাশে শাহজাহান ওমর।
রাজনীতিক মহল বলছে, এটা বেমানান। ডিবি অফিসে রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিনোদনের জগতের লোকজনকেও খেতে দেখা গেছে। মাঝখানের চেয়ারেই এর আগে রাজনৈতিক নেতাদের বসতে দেখা গেছে। তবে শাহজাহান ওমর বসলেন ডিবি প্রধানের বামে। যাতে একজন সাবেক প্রতিমন্ত্রীকে মনে হয় সাবঅর্ডিনেট। এমপি প্রার্থী বা রাজনৈতিক নেতার ক্ষেত্রে এটা অগ্রহণযোগ্য।
সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগে যোগ দেওয়ার পর দাপট দেখাতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন শাহজাহান ওমর। নিজ এলাকায় যেমন হয়েছেন, তেমনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গনেও হয়েছেন। সম্ভবত এসব কারণে ডিবি অফিসে নিয়ে তাকে বকে দেওয়া হয়েছে। যদিও তিনি বলেছেন, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে অভিযোগ দিতে গেছেন। যা মূল কারণ নয় বলে মনে হচ্ছে না।
এ ছাড়া ডিবি প্রধান বলেছেন, আর ১০ জন মানুষের মতো শাহাজাহান ওমর তার কাছে গিয়েছিলেন। একজন সাবেক প্রতিমন্ত্রী, এমপি এবং বর্তমান এমপি প্রার্থী যে আর ১০ জন সাধারণ মানুষ নয় তা সহজেই বোধগম্য।
