Logo
Logo
×

অভিমত

আওয়ামী মনস্তত্ব এবং ‘আবার তোরা মানুষ হ’

Icon

বাংলা আউটলুক পর্যবেক্ষণ

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম

আওয়ামী মনস্তত্ব এবং ‘আবার তোরা মানুষ হ’

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ একটি চরম সুবিধাবাদী ও সুবিধাভোগী গোষ্ঠীর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই সুবিধাভোগী ও সুবিধাবাদী গোষ্ঠীর একেবারে ওপরের দিকে আছেন শেখ হাসিনা। তিনি মওলানা ভাসানীর প্রতিষ্ঠিত দলটিকে নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করছেন। তথাকথিত কাউন্সিলের নামে নাটক করে তিনি দলটির দণ্ডমুণ্ডের কর্তা হয়ে আছেন যুগের পর যুগ।  শেখ হাসিনার সামান্যতম বিরোধিতা যারা করেন তাদের রাজনৈতিক ক্যারিয়ারই বিনষ্ট করে ফেলেন তিনি, যাকে কি না বলে রাজনৈতিক এতিম বানিয়ে ফেলা আর কি!

এক/এগার সরকারের সময় তার বিরুদ্ধাচরণ করা আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত রাজনৈতিকভাবে ছিটকে পড়েন। ক্ষমতার নৌকায় তাদের জায়গা হয়নি, হলেও নিতান্তই অবহেলায় ছিলেন তারা।  অবহেলা, অপমান এমনকি অপবাদ নিয়েই পরপারে চলে গেছেন আবদুর রাজ্জাক ও সুরঞ্জিত সেনগুপ্ত। তোফায়েল আহমেদ এক বুক জ্বালা নিয়ে কার্যত রাজনীতি থেকে সরে আছেন।  শুধু নিজেকে প্রমাণের চেষ্টা করছেন আমির হোসেন আমু। অথচ এক সময় বলা হতো বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রতিষ্ঠাই করেছেন এই আমু।

মুকুল বোস, সুলতান মোহাম্মদ মনসুররা আর নৌকায় উঠতে পারেননি। কাদের সিদ্দিকী আজ এ ঘাটে তো কাল ও ঘাটে। ড. কামাল হোসেন হয়ে গেছেন শেখ হাসিনার জাতশত্রু, ব্যারিস্টার আমির উল ইসলাম চিরতরে হারিয়েছেন শেখ হাসিনার সান্নিধ্য।  মাহমুদুর রহমান মান্নারা ঘৃণাভরে নেমে এসেছেন নৌকা থেকে।

রাজনীতি কত নির্মম হতে পারে তার ভয়ংকর পাঠটা মানুষ নিতে পারে শেখ হাসিনার কার্যক্রম থেকে।  বলা হয়, আওয়ামী লীগের যে এখনকার রুদ্রমূর্তি আর ক্ষমতার প্রতি তাদের যে সীমাহীন লিপ্সা তা হাসিনাতত্ত্বেরই সফল রূপায়ন। শেখ হাসিনা নিজেকে ক্ষমতার শীর্ষে দেখতে এতটাই মরিয়া যে, তিনি বোলের ভোল পাল্টাতে মোটেও সময় নেন না, কথায়, আচারে-আচরণে, পোশাকে তিনি অবস্থা বুঝে অর্থাৎ যখন যেমন দরকার তেমন সাজেন।

শেখ হাসিনার রাজনীতিতে অবদান কি তা এক চরম গবেষণার বিষয় হতে পারে রাষ্ট্রবিজ্ঞানীদের জন্য, এমন প্রতিহিংসাপরায়ণ একজন ব্যক্তি একটি দলের শীর্ষ পদে বছরের পর বছর থাকায় এর মনস্তাত্বিক একটা প্রভাব পড়েছে দলটির নেতা-কর্মীদের মধ্যে। ফলে তারাও দিন দিন হয়ে উঠছেন ভয়ংকর প্রতিহিংসাপরায়ন। আওয়ামী লীগ নেতা-কর্মীদের বৈশিষ্ট্য সম্পর্কে সবচে’ সহজ ও যুঁতসই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছিলেন, ’আওয়ামী লীগ নাম ধরে গালিগালাজ করে, তারা কোন শিষ্ঠাচারের ধার ধারে না। এটা কোন রাজনৈতিক শিষ্ঠাচার না, অবশ্য তাদের মধ্যে শিষ্ঠাচার থাকার কথাও না। তাদের বডি ল্যাঙ্গুয়েজই হচ্ছে সন্ত্রাসী ল্যাঙ্গুয়েজ।আমি এজন্যই সব সময় বলি, আওয়ামী লীগ মানেই একটা সন্ত্রাসী কালচার। আপনি গ্রামের চায়ের দোকানে যাবেন, কেমন করে বুঝবেন কোন লোকটা আওয়ামী লীগ করে? কোন লোকটা করে না। দেখবেন যে, যে লোকটা সবচে’ জোরে টেবিল থাপড়াচ্ছে, জোরে কথা বলছে, অন্যকে গালি দিচ্ছে, আপনি নিশ্চিত থাকবেন সে লোকটা আওয়ামী লীগ।’

এই আওয়ামী লীগের মধ্যে হিংস্র মনোবৃত্তি তা শেখ হাসিনা থেকেই উৎসারিত। আওয়ামী লীগ বললে আপনার চোখের সামনে ভয়ঙ্কর একদল মানুষের ছবিই ভেসে উঠবে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি মানেই রাস্তায় আতংকের পরিবেশ। তাদের ভয়ঙ্কর আচরণের বহি:প্রকাশ ঘটেছিল শাহবাগে গান পাউডার দিয়ে আগুন দিয়ে গাড়িশুদ্ধ ২২ জন মানুষকে পুড়িয়ে মারা, পল্টনে লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে মেরে ফেলে সেই লাশের ওপর নাচা। সংসদ সদস্যের বোমা বানানো, আর তা বানাতে গিয়ে নিজের হাত উড়িয়ে ফেলা অবশেষে নিজের নামই হয়ে যাওয়া বোমা মানিক। (সিলেটের মুহিবুর রহমান মানিক)। আওয়ামী লীগ মানেই অফিসগামী মানুষকে নগ্ন করতে দ্বিধা না করা। (দিগম্বর আলম)। আওয়ামী লীগ মানেই ধর্ষণের সেঞ্চুরি করে তা উদযাপন। হালের শাহেদ, পাপিয়া এরা আওয়ামী লীগের নবতর স্টাইল।

আওয়ামী লীগ দেশের একটি প্রাচীন রাজনৈতিক দল। দেশের একটি বড় সংখ্যার মানুষ এই দলটির সমর্থক, তাই এ দলটির মনস্তত্ব নিয়ে ভাবা দরকার। এরা সমাজকে কলুষিত করে ফেলছে, হিংস্রতা ছড়িয়ে দিচ্ছে সমাজে, সামাজিক স্থিতিশীলতা ও সম্প্রীতির জাতশত্রু হয়ে উঠছে আওয়ামী লীগ। তাই তাদের মানসিকতায় পরিবর্তন আনা দরকার। সে জন্যই তাদের প্রতি শুভ কামনা’ আর আরজি ‘আবার তোরা মানুষ হ’।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন