Logo
Logo
×

অভিমত

আওয়ামী লীগ না আবার ৩০০ সিটই পেয়ে যায়!

Icon

বাংলাআউটলুক পর্যবেক্ষণ

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম

আওয়ামী লীগ না আবার ৩০০ সিটই পেয়ে যায়!

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

৭ জানুয়ারির নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ’নীতি নির্ধারকরা’ আতংকে আছেন, তবে সে আতংক নির্বাচনে হারার বা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় নেয়ার আতংক নয়। সে আতংক অদ্ভুত ও হাস্যকর আতংক। আর তা হলো যদি ৩শ’ আসনই পেয়ে যায় আওয়ামী লীগ! এ এক অদ্ভুত ভোট, যেখানে হারার কোন আশংকা নেই, প্রতিদ্বন্দ্বীরা সবাই হাস্যকরভাবে আকুতি জানাচ্ছেন সংসদে যাওয়ার জন্য। তারা কে্উ সরকার গঠনের কথা ভাবছেন না, তারা শুধু সংসদে যেতে চান। তারা বিরোধীদলে থাকতে চান, বিরোধীদল হয় সরকারের উন্নয়নে সহযোগিতা করতে চান। বিরোধীদল হিসেবে তারা কে কতটা নির্ভরযোগ্য ও আস্থাভাজন তা বলছেন তারা।

আওয়ামী লীগের বাইরে এবারের নির্বাচনে যে দলগুলো অংশ নিচ্ছে তার মধ্যে জাতীয় পার্টি ছাড়া আর কারোই কোন জনভিত্তি নেই। এর মধ্যে কোন কোনটির নেতারা নৌকার মাঝি হতে জোর চেষ্টা চালাচ্ছেন।  ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু ও শিরিন আকতার, নৌকা ছাড়া জামানতও বাঁচাতে পারবেন না, তাই তারা শেখ হাসিনার ‍মুখের দিকে তাকিয়ে, শেখ হাসিনা তার হাতে রাখা ‘হাড্ডি’ দিয়েছেন আমির হোসেন আমুর হাতে। এখন ‘হাড্ডি’ বিলানোর দায়িত্ব আমুর। কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম নৌকা পাবেন না, তাই তার অপেক্ষা ফাঁকা মাঠে গোল দেয়ার। এমন আশায় আছেন তৃণমূল বিএনপির শমসের মবিন চৌধুরী, তৈমূর আলম খন্দকার, ড. মোহাম্মদ শাহজাহাসহ অর্ধশত ব্যক্তি।

যাইহোক আওয়ামী লীগের ৩শ’ আসন পাওয়ার আশংকা প্রসঙ্গে আসি।  এবার নৌকার প্রতিদ্বন্দ্বি মূলত: আওয়ামী লীগ। নির্বাচনকে প্রতিদ্বিন্দ্বিতামূলক করতে স্বতন্ত্র প্রার্থী নাটকের ওপর ভর করতে হচ্ছে আওয়ামী লীগকে। আর এই স্বতন্ত্র প্রার্থী কারা? অনেক আসনেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগেরই নেতা এমনকি আগামী নির্বাচনে মনোনয়ন না পাওয়া বর্তমান সংসদ সদস্যরাও। ফলে নির্বাচনে যেই জয় লাভ করুক তা আওয়ামী লীগেরই জয়, অর্থাৎ হয় নৌকা জিতবে নয়তো আওয়ামী লীগ জিতবে।  সংসদে যাওয়ার আগেই তারা শেখ হাসিনার প্রতি তাদের আস্থা জানাবেন. মন্ত্রীদের হালুয়ার আবদারও করতে পারেন কেউ কেউ। 

এজন্যই শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা চান, অন্তত কিছু আসনে যাতে ‘অআওয়ামী লীগ’ জয়ী হয়ে আসেন।  তবে তার সম্ভাবনা কম। আওয়ামী লীগ নেতারা মাঠ পর্যায় নিয়ে খুবই বিব্রতকর অবস্থার আশংকা করছেন। তারা মনে করেন আওয়ামী লীগের শীষ নেতৃত্বকে যেমন ক্ষমতার নেশায় পেয়ে বসেছে তেমনি দলটির সব পর্যায়ের নেতাদের মধ্যেই জয়ের নেশা। তারা জয়ের জন্য পাগল ও মরিয়া। দলটির নেতারা মনে করেন, এমপি হওয়ার জন্য এমন সুযোগ আর নাও আসতে পারে, তাই তারা কেন্দ্রীয় নির্দেশনাকে কোন পাত্তা দিচ্ছেন না।  এমপি তাদের হতেই হবে।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের দুশ্চিন্তা, স্বতন্ত্র প্রার্থীরা তাঁদের অনেককে চ্যালেঞ্জে ফেলতে পারেন। তাঁদের মধ্যে আছে সংঘাতের আশঙ্কাও। কোনো কোনো আসনে দলের মনোনীত প্রার্থীরা অনেকটা একা হয়ে পড়েছেন। দলের নেতৃত্বস্থানীয় প্রায় সবাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। জানা গেছে, সারা দেশে আওয়ামী লীগের ৪৪২ জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের নীতিনির্ধারকদের মূল্যায়ন হচ্ছে, সারা দেশে ৭০-৮০টি আসনে দলীয় প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।  মজার ব্যাপার হচ্ছে শেখ হাসিনা আর আওয়ামী লীগ সেটাই চাচ্ছেন। তারা কোন কোন আসনে নৌকার হার নিশ্চিতে স্বতন্ত্র আওয়ামী লীগকে রসদ যোগাচ্ছেন! আবার যেখানে ভিন্ন দলের নেতাদের জয়ী করতে চান সেখানে দলীয় নেতাদের দিকে কঠোর চোখ রাখছেন। সেখানে শক্তিশালী স্বতন্ত্র আওয়ামী লীগ প্রার্থীকে বসিয়ে দেয়া হবে, নৌকার দুর্বল প্রার্থীকে নিষ্ক্রিয় করে রাখা হবে যাতে ’অআওয়ামী লীগ’ প্রার্থী জয়ী হতে পারেন।

২০১৪ সালের নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার কৌশল থেকে সরে এসেছেন শেখ হাসিনা। এর কারণ, যারাই জিতবে তারা সবাইই প্রধানমন্ত্রীর লোক- ‘অল আর প্রাইমমিনিস্টারস মেন’!‘এক নেতা এক দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এখন আর শুধু একটি শ্লোগান না, এটা শেখ হাসিনা বাস্তবেই করতে যাচ্ছেন।

তবে এর একটা দীর্ঘ মেয়াদী নেতিবাচক প্রভাব থাকবেই। আওয়ামী লীগ নেতারা বলছেন, এবার যে ফাঁদ পাতা হয়েছে তা তাদের জন্যই বুমেরাং হয়ে আসতে পারে। আওয়ামী লীগের অনেক নেতা বলছেন, দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের অনেক বড় ক্ষতি হচ্ছে। তারা মনে করেন, আওয়ামী লীগ এখন গণবিচ্ছিন্ন একটি দলে পরিণত হয়েছে, বর্তমান নেতৃত্ব দলটিকে ধীরে ধীরে গণঘৃণিত ও গণধিকৃত দলে পরিণত হওয়ার দিকে নিয়ে যাচ্ছে।

দেশে গত দু’টি নির্বাচনে নতুন ভোটাররা তাদের জীবনের প্রথম ভোট দিতে পারেননি, তাদের মনে আওয়ামী লীগের ব্যাপারে প্রচণ্ড ঘৃণার সৃষ্টি হচ্ছে।  এবারও মানুষ ভোট দিতে যাবে এমনটা ভাবার কারণ নেই। অবশ্য ভোটার উপস্থিতি দেখাতে আওয়ামী লীগ ‘ফোর্স ভোট’ বা জবরদস্তিমূলক ভোটের কৌশল নিতে পারে। এ জন্য সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের ভোটকেন্দ্রে আসতে বাধ্য করতে পারে আওয়ামী লীগের ক্যাডাররা। সংখ্যালঘুদের দিকেও তাদের বিশেষ নজর, ভারতকে খুশি করতে তারা এবার শাখা, সিদুর পড়া নারীদের ভোট কেন্দ্রে আনাকে সবচে গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ ভোট না দিয়েও হয়তো কিছু মানুষের উপায় থাকবে না, সত্যিই অদ্ভুত এক গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠা করেছেন বাকশালের জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কণ্যা শেখ হাসিনা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন