অন্যের কোলে কোলে ঘুরে বেড়ায় 'সাবালক' জাতীয় পার্টি
আখতার জামান
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:০০ এএম
পৃথিবীর রাজনীতির ইতিহাসে জাতীয় পার্টি এক বিস্ময়ের নাম। যাদের নাম সবাই চেনে গৃহপালিত বিরোধীদল হিসেবে। সরকারি দলের সঙ্গে সঙ্গে আসন ভাগাভাগি করে নির্বাচনে যাওয়া, তারপর সংসদে বিরোধী দলের আসনে বসেও সরকারি মন্ত্রী হওয়ার মত বিরল সব ঘটনা তারা ঘটিয়েছে। এমন একটি বিরোধীদল পৃথিবীর কোথাও পাওয়া যাবে না যারা কিনা দীর্ঘ ১০ বছরের রাজপথে ছিল না। মিছিল-মিটিং কিছুই করেনি। সরকার বিরোধী কোন কর্মসূচি দেয়নি। সভা-সেমিনার পত্রপত্রিকায় তাদের কাউকে কখনো সরকারের বিরুদ্ধে একটি বাক্য উচ্চারণ করতে দেখা যায়নি। পৃথিবীর মধ্যে জাতীয় পার্টি হয়তো একমাত্র যারা একটি স্বাধীন সার্বভৌম দেশের বিরোধী দল; যার প্রধান পার্শ্ববর্তী দেশ ভারতে মিটিং করে এসে বলেন, ভারত অনুমতি না দিলে কি নিয়ে মিটিং হয়েছে তা তিনি বলতে অপারগ।
জাতীয় পার্টি বাংলাদেশে একমাত্র বড় দল যাদের আদর্, উদ্দেশ্, নীতি, লক্ষ্য এজেন্ডা সম্পর্কে জনগণ প্রায় কিছুই জানে না। জাতীয় পার্টিকে জনগণ চেনে নাটক দিয়ে। দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ যখন বেঁচে ছিলেন, তিনি ছিলেন নাটকের প্রধান কুশীলব। কখনো নিখোঁজ হয়ে, কখনো বাসার পিস্তল নিয়ে, আবার হাসপাতালে ভর্তি হয়ে-এরশাদ নাটক করে গেছেন। নমিনেশন পেপার প্রত্যাহার করে নিলেও তিনি ভোটে জিতে এসেছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রধান বিরোধীদল হয়েও তিনি বিশেষ উপদেষ্টা পদ পেয়েছেন।
ওয়ান ইলেভেন ঘটার আগে তার সঙ্গে সখ্য ছিল বিএনপি'র। যদিও তার বিরুদ্ধে গনআন্দোলনে নেতৃত্ব দিয়েছিল বিএনপি। তাকে উৎখাতের পর গঠিত বিএনপি সরকারের আমলে জেলে যেতে হয় এরশাদকে। এভাবে কখনো বিএনপি কখনো আওয়ামী লীগের কোলেজুড়ে রাজনীতি চালিয়ে যাচ্ছিলেন এরশাদ। তবে এক এগারোর আগে আগে ঘটে আরেক নাটকিয়তা। বিএনপি জোটের সঙ্গে থাকা এরশাদ হঠাৎ উধাও হয়ে যান। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি কোথায় আছেন কেউ জানত না। তখন বিএনপি বিরোধী তুমুল আন্দোলন জমিয়ে তুলেছে আওয়ামী লীগ। ভোটের মাঠে জোটের প্রক্রিয়া চলছিল। এরশাদ যাবেন কোন পক্ষে শেষ পর্যন্ত, তা নিয়ে ছিল টানটান উত্তেজন। তবে শেষ পর্যন্ত তিনি আওয়ামী লীগের সঙ্গেই যান । নিখোঁজ অবস্থা থেকে বের হয়ে হঠাৎ আওয়ামী লীগের গুলিস্তানের সমাবেশে এসে হাজির হন এরশাদ।
সেই থেকে আওয়ামী লীগের সঙ্গে আছে তার দল। তবে বাংলাদেশের রাজনৈতিক মহলে যে বিষয়টি সত্য বলে ধরে নেয়া হয়, তা হলো, জাতীয় পার্টি মূলত ভারতের কোলের শিশু। ভারত তাকে যা বলে সে তা-ই করে।
বিভিন্ন ঘটনায় আমরা জানি ভারতে ঘুরতে যাওয়ার রাজনৈতিক নেতাদের হানিট্র্যাপসহ অন্যান্য ফাঁদে ফেলে গোয়েন্দারা। জাতীয় পার্টি যে দেশের স্বার্থে ভারতের কথা শুনে চলে তা না। নিতান্ত যার যার ব্যক্তিগত প্রয়োজনে তারা এই সখ্য বজায় রাখে।
টাকা না হলে জাতীয় পার্টি নড়ে না-দেশের বেশিরভাগ মানুষই একথা বিশ্বাস করে। জাতীয় পার্টির এমপিদের রাজনৈতিক তৎপরতার চেয়ে ব্যবসায়ী কার্যক্রম বেশি। তারা গত ১০ বছর তাকিয়ে ছিল আওয়ামী লীগের দিকে। আওয়ামী লীগ তাদের কি দেবে, যদি কিছু দেয় তাহলে তারা থাকবে, না হলে সরে যাবে -এভাবে চালিয়েছে দশ বছর। দ্বাদশ সংসদ নির্বাচনের আগেও সেভাবে চালিয়ে দিতে চাইছিল। তবে সম্ভবত বড় অর্থের টোপ আর আর ভারতীয় চাপের মুখে শেষ পর্যন্ত নদী স্বীকার করেছেন জিএম কাদের। দুদিন আগেও যেখানে বলেছে নির্বাচনের পরিবেশ নেই, হুট করে এরপর নির্বাচনে যাওয়ার ঘোষণা দিল তার দল।
এই হল জাতীয় পার্টি। যাদের কথার কোন ঠিক নেই। বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে এমন একটি দল পরপর দুবার প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসেছে। এটা নাগরিক সমাজেরও ব্যর্থতা। প্রবল গণআন্দোলনের মধ্য দিয়ে যাকে ক্ষমতা থেকে নামানো হলো, তাকেই প্রধান বিরোধী দল হিসেবে পেতে হলো।
আরো একবার এক তরফা জুলুম-জবরদস্তি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এবং জাতীয় পার্টি প্রধান বিরোধীদল হিসেবে সংসদে বসতে চাচ্ছে। বিএনপিসহ কয়েকটি বিরোধীদল ছাড়া এ নিয়ে তেমন জোরালো প্রতিবাদ দেখা যাচ্ছে না কোথাও।
জাতীয় পার্টি বিষয়ে রাজনৈতিক মূল্যায়ন হলো, এরশাদ অস্ত্রের মুখে ক্ষমতা দখলের পর দেশে আমলাতন্ত্র ও শিক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত দুর্নীতিকে প্রতিষ্ঠা দিয়েছেন। মধ্যবিত্তকে নৈতিকভাবে দুর্বল করে তোলার প্রধান কারিগরও ছিলেন এরশাদ। মধ্যবিত্তের যে প্রধান স্তম্ভ শিক্ষা, তাকে সন্ত্রাস-দুর্নীতিতে জর্জরিত করেছেন এরশাদ। প্রবল গণআন্দোলনের মুখে তাকে রাজনৈতিকভাবে পর্যদস্ত করতে পারলেও, বিভিন্নজনের কোলে চড়ে চড়ে আবার প্রতিষ্ঠা পেয়েছে জাতীয় পার্টি। সে জাতীয় পার্টি যখন নিজেকে সাবালক দাবি করে তখন হাসি পায়। শুধু হাসি পায় না কষ্টও লাগে। একটি বিকৃতি কীভাবে আমাদের রাজনীতির শরীরে ছড়িয়ে পড়ছে, তা ভেবে। এর চেয়ে বড় উদবেগ জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে মূল্যায়ন বা তাদের সমালোচনা করে। আলাপ-আলোচনা দেশে নেই বললেই চলে
