২৮ অক্টোবর বিএনপির জন্য ভয়ংকর একটি দিন। রাজধানী ঢাকার নয়া পল্টন সেদিন লাখো মানুষের পদভাবে কেঁপে উঠেছিল, জনতার মহাজাগরণ ঘটেছিল রাজপথে। ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে শ্লোগানে মুখরিত হয়েছিল ঢাকার অলিগলি রাজপথ। কিন্তু হঠাৎ একটি দানবীয় ঝড় সবকিছু ওলটপালট করে দিলো। ঠুনকো অজুহাতে লক্ষ মানুষের সেই সমাবেশ পণ্ড করে দেয় আওয়ামী সরকারের পুলিশ বাহিনীর ভয়ংকর একটি চক্র। প্রধান বিচারপতির বাড়িতে হামলা হয়েছে সে কারণ দেখিয়ে হাজার হাজার রাউন্ড টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নয়াপল্টনকে বিরাণ ভূমিতে পরিণত করা হয়। জনতার বিরুদ্ধে রাষ্ট্রশক্তির এমন নগ্ন ব্যবহার অতীতে কখনো হয়নি।
বিএনপি দুবছর ধরে নানা কর্মসূচি পালন করে যাচ্ছিলো। দেশের সব বিভাগে তারা মহাসমাবেশ করেছে, পদযাত্রা করেছে। রাজধানীতেও সমাবেশ, মহাসমাবেশ করেছে, পদযাত্রা করেছে। এগুলোর কোন কোনটিতে সরকার ও সরকার দলীয় গুন্ডারা হামলা চালিয়েছে, তথাকথিত পরিবহন ধর্মঘট সাজিয়ে সমাবেশে যাওয়া কঠিন করে তুলেছে, তারপরও সব সমাবেশেই জনতার ঢল নামে। ২০২২ সালের ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে তারা রাজধানীকে অবরুদ্ধ করে ফেলেছিল। মাত্র কয়েক ঘন্টা আগে সমাবেশের অনুমতি দেয়া হয়। তারপরও সে মহাসমাবেশে লক্ষ জনতার উপস্থিতি সরকারের মনে আতংক ছড়ায়।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতির চাপে সরকার কিছুটা ব্যাকফুটে যায়, তাদের হিংস্রতা কিছুটা নিয়ন্ত্রণ করে। কিন্তু ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সরকার যেন মরিয়া হয়ে ওঠে। বিএনপির কর্মসূচি নস্যাৎ করতে সব ধরণের চেষ্টা চালায়, পথে পথে চেকপোস্টের নামে মানুষকে হয়রানি করা হয়, অনেককে সমাবেশে আসতে দেয়া হয়নি, গ্রেফতারও চলে সমানতালে। তারপরও যখন সমাবেশ সফলতার দিকে যাচ্ছে তখন ফের দানবীয় রুদ্রমূর্তি আওয়ামী লীগের পোষা গুন্ডা আর তাদের তাবেদারি করা পুলিশ বাহিনীর।
গাজীপুরের বহুল আলোচিত, বিতর্কিত ও বার বার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে দিয়ে একটি নোংরা খেলা খেলে আওয়ামী লীগ। সেদিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তথাকথিত শান্তি সমাবেশে যোগ দেয়া ক্যাডারদের জন্য গাজীপুর থেকে ট্রাকে করে বিরিয়ানি নিয়ে আসে জাহাঙ্গীরের ক্যাডাররা। তারা বিএনপির সমাবেশস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় উসকানিমূলক শ্লোগান দেয় এবং বিএনপির নেতা-কর্মীদের কটাক্ষ করে। কাকরাইল মসজিদ এলাকার ওই ঘটনায় বিএনপি কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে, তারা আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া দেয়, ধাওয়া খেয়ে কিছু দৃর্বৃত্ত মসজিদের উত্তর-পূর্ব কোণে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনে আশ্রয় নেয়ার চেষ্টা চালায়। ক্ষুব্ধ বিএনপির কর্মীরা সেখানে তাদের আটকে ফেলে, আওয়ামী লীগের আশ্রিত উসকানিদাতাদের রক্ষায় এগিয়ে আসে পুলিশ, তখন পুলিশের ওপরও চড়াও হয় অনেকে। সমাবেশের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সমাবেশ পণ্ড করতে মরিয়া হয়ে ওঠে। এরইমধ্যে একজন পুলিশের নিহত হওয়ার খবর পুলিশের একটি অংশকে আরও বেশি বেপরোয়া ও ভয়ংকর করে তোলে। পুলিশের চেইন অব কমান্ড নিয়ে নেয় ডিএমপির মাঝারি স্তরের কিছু কর্মকর্তা, যারা এক সময় ছাত্রলীগের ক্যাডার হিসেবে ক্যাম্পাস কাঁপিয়েছে তারা বিএনপির ওপর ঝাপিয়ে পড়ে। টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেডে নয়াপল্টন যেন নরকে পরিণত হয়। বিএনপি বাধ্য হয় সমাবেশ দ্রুত শেষ করে দিতে। হরতালের কর্মসূচি দেয় বিএনপি।
২৯ অক্টোবের হরতালটা ছিল গত এক যুগের মধ্যে সবচে’ সফল হরতাল। জনতা হরতাল সফল করলেও বিএনপিই যেন লাপাত্তা হয়ে যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস আর আমির খসরু মাহমুদ চৌধুরী গ্রেফতার হওয়ার পর বিএনপির কেন্দ্রীয নেতৃত্ব কার্যত: ভেঙে পড়ে। এরপরেও সরকারের গ্রেফতার কৌশল থামেনি। বিএনপিকে নাস্তানাবুদ করতে মামলা, হামলা আর গ্রেফতার কৌশলে সরকার সফলও হয়। কার্যত বিএনপিকে আর খুঁজে পাওয়া যায়নি। বিএনপিকে খুঁজে পাওয়া যায়নি মানে দলটির কেন্দ্রীয় নেতাদের কোন কর্মসূচি বা বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু যখনই কোন কর্মসূচি দেয়া হয়েছে মানুষ তাতে যথেষ্টই সাড়া দিয়েছে। মানুষ যে তেতে আছে তা ষ্পস্ট। নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের একটা আবহ সরকার তৈরি করার চেষ্টা করছে কিন্তু মানুষের সেদিকে ভ্রুক্ষেপ নেই, আগ্রহ নেই।
সবশ্রেণির মানুষ বিশেষ করে বিএনপির মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা এখনও বিশ্বাস করে, জনভিত্তিহীন এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সুযোগ এখনো আছে।, তথাকথিত নির্বাচন প্রক্রিয়া থেকে সরকারকে সরে যেতে বাধ্য করার মত পরিবেশ ও পরিস্থিতি এখনও বিরাজমান। কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও হাওয়া। এক রুহুল কবির রিজভী ভার্চুয়াল কর্মসূচি দিচ্ছেন। দেখে শুনে জনপ্রিয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহর ’যে ছিল দৃষ্টির সীমানায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়’ এই গানটির অনুকরণ করে গাওয়া যায় ’বিএনপি হারালো কোথায়, কোন দূর অজানায়’।
এটা ঠিক সরকার নির্বাচনকে কেন্দ্র করে যে হর্স ট্রেডিং শুরু করেছিল, তাতে কোন না কোন চাপের কাছে বিএনপির অনেক নেতাকেই হয়তো নত হতে হতো। কিন্তু একটি সাজানো জামিনে মুক্তি দিয়ে শাহজাহান ওমরকে দলে যোগ দিতে বাধ্য করা ছাড়া আর কোন অপকর্মই সরকার ঘটাতে পারেনি।
যাইহোক, গত ক’ বছরে বাংলাদেশে একটি শ্লোগান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে –যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, যদি তুমি ঘুরে দাঁড়াও তবেই বাংলাদেশ’ বিএনপিকে ঘুরে দাঁড়াতেই হবে। দুই বছরের বেশি সময় ধরে বিএনপি সারাদেশে যে জাগরণ সৃষ্টি করেছে তা নিঃশেষ করলে বাংলাদেশ আরও অন্ধকারে তলিয়ে যাবে। বিএনপির মনে রাখতে হবে বাংলাদেশের এক অমানিশাকালেই আলোকশিখা নিয়ে দলটির জন্ম। সে বাংলাদেশকে অন্ধকারে হারিয়ে যেতে দেয়া যাবে না। সরকারকেও বুঝতে হবে এই বাংলাদেশকে নিয়েই কবি সুকান্ত ভট্টাচার্য রচনা করেছেন তার অমর পংক্তিবলী ‘সাবাস, বাংলা দেশ, এ পৃথিবী
অবাক তাকিয়ে রয়:
জ্বলে পুড়ে-মার ছারখার
তবু মাথা নোয়াবার নয়।’
