Logo
Logo
×

অভিমত

পিটিয়ে পুলিশ সদস্য হত্যার মামলাকে পুঁজি করে অর্থ আদায়!

Icon

ড. মারুফ মল্লিক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৭ এএম

পিটিয়ে পুলিশ সদস্য হত্যার মামলাকে পুঁজি করে অর্থ আদায়!

ছবি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার সময় কে বা কারা একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা হলেও অভিযোগপত্র, তদন্তের অগ্রগতির খবর নেই। বিভিন্ন সময়ে বিএনপির কয়েকজনকে গ্রেপ্তার করলেও যথেষ্ট তথ্য-প্রমাণ হাজির করতে পারেনি পুলিশ।

তবে ওই পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার মামলাকে পুঁজি করে ফায়দা লুটছে পুলিশ। 

এমন ঘটনাই জানা গেল ঢাকার পার্শ্ববর্তী জেলার এক বিএনপি কর্মীর পরিবারের কাছ থেকে। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে এসেছিলেন তিনি। নভেম্বরে হরতাল, অবরোধ কর্মসূচির শুরু থেকে বাড়ি ছাড়া ওই কর্মী। শুরুতে কয়েক দফা পুলিশ বাড়ি এসে তাকে খুঁজে গেছে। হুমকি-ধমকি দিয়ে গেছে পরিবারের সদস্যদের। ওই সময়টায় দূরবর্তী এক গ্রামে অবস্থান করছিলেন তিনি। তবে কিছুদিন আগে রাতের বেলা একটি সাদা মাইক্রোবাসে তাকে তুলে নেয়া হয়। সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ হুড়মুড় করে তাকে ধরে নিয়ে যায়। সঙ্গে নিয়ে যায় তার অরাজনৈতিক আত্মীয়কেও।

এরপরই শুরু হয় দেনদরবার। দফায় দফায় ওই কর্মীর বাড়িতে অর্থ চেয়ে লোক পাঠানো হয়। টেলিফোনে কথা হয় কয়েকবার। তার পরিবার স্থানীয় থানায় গিয়ে সমঝোতার চেষ্টা করে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, কাঙ্ক্ষিত অর্থ দেওয়া না হলে ২৮ অক্টোবর পুলিশ হত্যার মামলার আসামি তালিকায় নাম যুক্ত করা হবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, ২৮ অক্টোবর তিনি পল্টন এলাকায় ছিলেন এটা মোবাইলের অবস্থান চিহ্নিত করে প্রমাণ দেখানো হবে। এরপর পুলিশ হত্যার আসামি বানিয়ে আদালতে পাঠানো হবে। সংবাদ সম্মেলন করে বলা হবে, পুলিশ হত্যার আরো এক আসামি আটক হয়েছে।

এ অবস্থায় দিশেহারা ওই বিএনপি কর্মীর পরিবার পুলিশের সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য হয়। পরবর্তীতে পুরোনো নাশকতার মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে অবশ্য মোটা অর্থের বিনিময়ে অরাজনৈতিক ওই আত্মীয়কে ছেড়ে দেয় পুলিশ।

এমন আরো ঘটনা আছে, ঢাকার পাশের আরেক জেলার বিএনপি এক নেতার বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হয়। খোঁজ-খবর করা হয় তার কী পরিমাণ টাকা আছে।

ভুক্তভোগীরা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ দিন দিন আরো বেপরোয়া হয়ে যাচ্ছে। যাকে পাচ্ছে তাকেই ধরে নিয়ে বিভিন্ন মামলায় আসামি করার ভয় দেখিয়ে অর্থ আদায় করছে।

শুধু তাই নয়, ৩০ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার আগ পর্যন্ত বিরোধী দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাদের চাপ দেওয়া হয় নির্বাচনে অংশ নিতে। না হলে পুলিশ হত্যার আসামি বানানোর হুমকি দেওয়া হয়।

একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে এ বিষয়ে কথা হয় প্রতিবেদকের। তারা বলেছেন, নির্বাচনে যাওয়ার জন্য প্রচণ্ড চাপ ছিল সরকারি গোয়েন্দাদের তরফ থেকে। না হলে পুলিশ হত্যার আসামি বানানোর হুমকি দেওয়া হয়েছে। হুমকির মুখে অনেকে আত্মগোপনে চলে যেতে বাধ্য হন।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রসহ জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের পুলিশ হত্যার আসামি বানানোর হুমকি দিচ্ছে। আরেক দিকে সাধারণ কর্মীদের ধরে নিয়ে টাকা-পয়সা আদায় করে নিচ্ছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ কার্যত সরকারি দলের সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগ ও পুলিশ একসঙ্গে মিলে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে।

তাদের অভিযোগ, পুলিশের বেপরোয়া আচরণে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ তটস্থ থাকছে সব সময়। অচিরেই পুলিশের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত। সরকার কোনো স্থায়ী বিষয় না। এক দল ক্ষমতায় আসে। আবার ক্ষমতা থেকে চলেও যায়। কিন্তু পুলিশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। পুলিশ আজীবন থাকবে। পুলিশের সদস্যদেরও চাকরি করতে হবে সরকার পরিবর্তন হলেও। এ বিষয়টি বিবেচনায় নিয়েই পুলিশ সদস্যদের চিন্তাভাবনা করা উচিত। রাজনৈতিক নেতারা নানাভাবে পার পেতে পারেন নানা ফন্দি-ফিকির করে। কিন্তু পুলিশ সদস্যরা যদি নির্বিচারে ধরপাকড় ও হত্যার মামলায় নিজেরাই জড়িয়ে যান তবে ভবিষ্যতে পার পাওয়া মুশকিলের বিষয় হবে। তাই সার্বিক দিক বিবেচনা করে পুলিশের সতর্ক হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।

ড. মারুফ মল্লিক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন