আদালত অবমাননার দায়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান ওরফে হাবিবকে পাঁচ মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছে হাইকোর্ট। ২২ নভেম্বর শুনানির জন্য বিষয়টি উঠলে প্রথমে ল্যাপটপের মাধ্যমে হাবিবের দেওয়া বক্তব্য শোনানো হয়। তাঁর উদ্দেশে আদালত বলেন, শপথ করে বলেন ওই বক্তব্য আপনার কি না? তখন হাবিব বলেন, ‘শপথ করে বলছি বক্তব্যটি আমার। তবে আমার কিছু কথা আছে, যদি অনুমতি দেন।' পরে হাবিব বলেন- কী কারণে বলেছি, খালেদা জিয়ার জীবন বিপন্ন।…আমার সাজা যদি এক শ বছরও হয়, তাহলেও কিছু বলার নেই। গাড়ি পোড়ানোর অভিযোগে মামলায় তাঁর বিরুদ্ধে চার বছর সাজার রায় হয়েছে। গাড়ির নম্বর প্লেট নেই, চেসিস নম্বর নেই, ১৫ জনকে সাজা দিয়েছে। আমাদের বিরুদ্ধে অনেক মামলা এক শ, দেড় শ–দুই শ। তিন বছর আগে মারা গেছেন, তাঁর নামেও মামলা হয়েছে। এ অবস্থা চলছে।
তার এমন বক্তব্যে আদালত চাইলে ভিন্ন কিছু ভাবলেও ভাবতে পারতো, কিন্তু তারা হাবিবকে কারাদণ্ড দিয়েছে। সাজা দেয়াকালে আদালত বলেন, কিছু কিছু শাস্তি সমাজের জন্য কল্যাণও বয়ে নিয়ে আসে। যখন একটি অভিব্যক্তি প্রকাশ করলেন, তখন কী প্রেক্ষাপটে বললেন মানুষ সেটি কিন্তু দেখে না, কাজটি দেখে। সেটিই মানুষের মাথায় থাকে।
হাবিবুর রহমান একজন ভাগ্যবিড়ম্বিত রাজনীতিবিদ। তিনি এখন বিএনপি করেন, কিন্তু তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি। তার সময়কার সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল এখন সংসদ সদস্য। আর হাবিব জেলে। তিনি ভুল রাজনীতির শিকার নাকি তিনি রাজনীতিতে ভুল করেছেন তা এমন এক প্রশ্ন যার উত্তর হয়তো হাবিবুর রহমানেরও জানা নেই।
হাইকোর্ট তাকে কারাদণ্ড দিয়েছে, তবে মানুষ তাকে সম্মান আর শ্রদ্ধা করবে তার দৃঢ়তার জন্য, নিজেকে সাজার হাত থেকে বাঁচাতে তিনি কোন ভান বা ভনিতা করেননি, নিজের বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেননি, দণ্ড নিয়ে ফিরে গেছেন।
কিন্তু প্রশ্ন হলো, আদালত তাকে ‘শপথ করাতে গেল কেন? হাইকোর্টের বিচারকরা শপথবদ্ধ বিচারক। তারা শপথ নিয়েছেন ন্যায় বিচার করার। (অবশ্য কিছু কিছু 'মাইলর্ড' নিজেদের 'লর্ড' ভাবার পাশাপাশি নিজেদেরকে 'শপথবদ্ধ রাজনীতিক' বলে দাবি করেছেন)।
হাইকোর্ট হাবিবুর রহমানকে শপথ করানোর মাধ্যমে আদালতে একটি নজিরবিহীন ঘটনার জন্ম দিলেন। তারা হাবিবকে মানসিকভাবে কোণঠাসা করতে শপথ কৌশলের আশ্রয় নিয়েছেন এমনটা ধারণা করা অমূলক হবে না। একজন ব্যক্তি যথন তার বক্তব্যের দায় স্বীকার করেন, তাহলে ক্ষমতা দেখানোর জন্য তাকে সাজা দেয়া নাকি প্রশংসা করা সমাজের জন্য ভাল হত, বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি করতো সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। আদালত তার আইনজীবীদের কথা শোনেননি, আইনজীবীরা কথা বলতে চাইলে তা নিয়ে উচ্চবাচ্য হয়, হাইেকার্টের বেঞ্চ সেখানে একজন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।
বাংলাদেশের বিচার ব্যবস্থায়, সাক্ষ্যগ্রহণ কিংবা অভিযুক্ত ব্যিক্তর স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে সাজা দেয়ার জন্য যথেষ্ট মনে করে না। শুধু বাংলাদেশই না, সারা বিশ্বেই এটা প্রথা। তাই আইনজীবীরা আদালতে অভিযুক্তের হয়ে কথা বলেন। আইনজীবীরা আদালতে প্রমাণ করার চেষ্টা করেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যাসত্য। আইনজীবীদের কোন ভূমিকা রাখার সুযোগ দিল না হাইকোর্ট।
হাবিবুর রহমান হাবিব কারাগারে আছেন, তিনি একজন ভাগ্য বিড়ম্বিত রাজনীতিবিদ হতে পারেন, কিন্তু তিনি সেদিন আদালতে দাঁড়িয়ে যে কথা বলেছেন, তা তাকে মানুষের মনে শত বছর বাঁচিয়ে রাখবে, শত বছর পরেও ন্যায় বিচার অথবা অবিচারের নজির হিসেবে সামনে আসবে।
