Logo
Logo
×

অভিমত

১০ ডিসেম্বর আওয়ামী লীগের হঠাৎ সমাবেশ

Icon

জাফর আব্বাস

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:০২ পিএম

১০ ডিসেম্বর আওয়ামী লীগের হঠাৎ সমাবেশ

গোলাপবাগে বিএনপি'র বিভাগীয় সমাবেশ, ১০ ডিসেম্বর ২০২২

আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, সবকিছু সরকারের নিয়ন্ত্রণে। তাদের চাওয়া অনুসারে হচ্ছে সবকিছু। ২৮ অক্টোবর বিএনপি’র শান্তিপূর্ণ মহাসমাবেশে ন্যাক্কারজনক হামলা সফল করে সরকার আবারও একতরফা নির্বাচন করার পথে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহলের শত আহবান সত্ত্বেও বিএনপিসহ সমমনা দলগুলোকে নির্বাচনে আনার চেষ্টা তো তারা করেইনি, উল্টো বিএনপি যাতে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকে সে ব্যবস্থাই পাকাপোক্ত করেছে। বিএনপি’র শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। বাইরে থাকা নেতাদের বাসা-বাড়িতে বারবার অভিযান চালানো হয়েছে। গ্রেফতার এড়াতে নেতাকর্মীরা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন। সারা দেশে নেতাকর্মীদের বাসা-বাড়ি, দোকানপাটে হামলা ও লুটপাট করা হয়েছে। অনেকে হামলার শিকার হয়েছেন। এই সময় আদালত বিএনপির গুরুত্বপূর্ণ শত শত সংগঠকের বিরুদ্ধে বিভিন্ন সাজানো, বানোয়াট ও মিথ্যা মামলার সাজা দিয়েছে।

বিএনপিকে বহুমুখী চাপে ফেলে সরকার চেষ্টা করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট ভাঙতে। দল থেকে বিএনপি নেতাদের ভাগিয়ে নিয়ে তৃণমূল বিএনপি, বিএনএম, বিএসপিসহ নানা কুইনস পার্টিতে ভেড়াতে।

প্রধান বিরোধী দলের জন্য এরকম একটি বৈরী পরিস্থিতি তৈরি করে ১৫ নভেম্বর নির্বাচনের শিডিউল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। শিডিউল অনুসারে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। স্পষ্ট বোঝা যাচ্ছে, বিএনপিসহ অধিকাংশ সক্রিয় দলের অংশগ্রহণ ছাড়াই আবারও একটি নির্বাচন হয়ে যাবে। নতুন করে নির্বাচনী প্রক্রিয়ায় আর কোনো দল অংশ নিতে পারবে না। তবে ১৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। কোনো দল নির্বাচনে যেতে না চাইলে তারা সুযোগ পাবে নির্বাচনী-প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার।

দমন-পীড়ন, জেল-জুলুমের মধ্য দিয়ে আরেকটি মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগের জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। বিরোধী দলের ধারাবাহিক আন্দোলন এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। অস্ত্র ও পেশীশক্তির সামনে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন কার্যকর হওয়ার সম্ভাবনা কম।

অথচ, এরকম একটা পরিস্থিতিতেও সরকারের মধ্যে নানা আশঙ্কা দানা বেঁধে উঠেছে। সরকারের কর্তাব্যক্তিদের কথা থেকে নানা আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে, ১০ ডিসেম্বর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ ডাকার ঘটনায় বিশ্লেষকরা নড়েচড়ে বসেছেন। ১০ ডিসেম্বর নানা কারণে আলোচিত দিন। ২০২১ সালের ১০ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র র‍্যাব ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল। ২০২২ সালের ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে মহাসমাবেশ করেছিল বিএনপি। ওইদিন নয়াপল্টনে মহাসমাবেশ করার কথা থাকলেও ৭ ডিসেম্বর পুলিশ ও দলীয় কর্মীরা বিএনপি কার্যালয়ে হামলা করে তাদের গোলাপবাগে যেতে বাধ্য করে। অনেকেই মনে করেন, ওই বছর ১০ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দিতে পারে এমন আশা করে বিএনপি মহাসমাবেশটি ডেকেছিল।

কিন্তু সেবার কোনো নিষেধাজ্ঞা আসেনি।

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর কোনো নিষেধাজ্ঞা আসেনি। ভিসানীতি ঘোষণা করে পরে তা কার্যকর করার কথা বলা হলেও এখন পর্যন্ত কারো ভিসা বাতিল হয়েছে এমন বিশ্বাসযোগ্য কোনো উদাহরণ পাওয়া যায়নি। তবে ২০২৩ জুড়েই নানা গুজব ছড়িয়েছে। অমুক তারিখে তমুক নিষেধাজ্ঞা আসছে ইত্যাদি কথা বহুবার শোনা গেছে। এই গুজবগুলো সম্পর্কে দুই ধরনের মত পাওয়া যায়। কেউ কেউ মনে করেন, সরকার ও তার সহযোগীরা গুজব ছড়িয়ে সরকার বিরোধীদের মনে মিথ্যা আশা জাগিয়ে তাদের মনোবল ধ্বংস করার জন্য এসব করেন। আরেকটি মত হলো, গুজব হলেও এগুলো সরকার বিরোধী আন্দোলনকে জোরদার করতে সহায়তা করে। তবে গত এক বছরে ডালপালা মেলা কোনো গুজবই শেষ পর্যন্ত সত্য হয়নি।

কোন কথাটি ঠিক সে তর্কে না গিয়েও বলা যায়, এবারের একতরফা নির্বাচনের শিডিউল ঘোষণার পর অধিকাংশ মানুষ মনে করতে শুরু করেছেন, মুখে যত কথাই বলুক মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কাজের কিছু করবে না। কেউ কেউ অবশ্য এখনও আশা জিইয়ে রেখেছেন। তারা মনে করেন, নির্বাচনের আগে না হলেও নির্বাচনের পর মার্কিনিরা কোনো একটা ব্যবস্থা নেবে। তবে, আসলেই নেবে কি না আর নিলেও তাতে কাজ হবে কি না এ নিয়ে অনেক সংশয় আছে।

এতদিন ধরে বিরোধী শিবির থেকে নানা স্যাংশন ও নিষেধাজ্ঞার কথা উঠলেও এবার সরকারের পক্ষ থেকেই কথাগুলো উঠছে। প্রধান নির্বাচন কমিশনারের কথা সবচেয়ে আলোচিত হয়েছে।

এতদিন অনেক গরম কথা বললেও গত ২৭ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নরম সুরে বলেন, যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি। তাই আমরা তাদের উপেক্ষা করতে পারি না এবং করিও না। আমরা তো এ জন্য তাদের পরামর্শকে অত্যন্ত গুরত্বসহকারে গ্রহণ করি।‘

২৭ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের নির্বাচনে কিন্তু বাহির থেকেও থাবা, হাত এসে পড়েছে।  তারা থাবা বিস্তার করে রেখেছে।’...‘আমাকে বাঁচাতে হলে, আমার জনগণকে বাঁচাতে হলে, আমার গার্মেন্টসকে বাঁচাতে হলে, আমার সাধারণ জনগণকে বাঁচাতে হলে, যে দাবিটা আমাদের জনগণের এবং পাশাপাশি বাহিরের, ওরা খুব বেশি দাবি করেনি, ওদের একটাই দাবি যে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন ফ্রি ফেয়ার হতে হবে। কোনো রকম কারচুপির আশ্রয় নেওয়া যাবে না।’

২০শে নভেম্বর এক চিঠির মাধ্যমে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশের মিশন থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে এক চিঠি পাঠানো হয়েছে, যেখানে শ্রম ইস্যুতে সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সরকারকে সতর্ক করা হয়েছে। দূতাবাসের মিনিস্টার মো. সেলিম রেজার সই করা চিঠিতে বলা হয়, যদিও এটি বিশ্বের সব দেশের উপরই প্রযোজ্য বলে মনে হচ্ছে, তবু বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে এর অন্যতম লক্ষ্য হতে পারে বাংলাদেশে। ২০ নভেম্বর চিঠিটি পাঠানো হলেও এটির কথা প্রকাশ্যে আসে ৩০ নভেম্বর।

২ ডিসেম্বর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের ট্রেন চলছে। কারো বাধায় কোথাও আর থামবে না। গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এ ট্রেন চলবে। যত বাধাই দেয়া হোক, কেউ এ ট্রেন থামাতে পারবে না। নির্বাচন হবে।’

এর মধ্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনও নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় ব্যক্ত করেছেন।

সরকারের মন্ত্রী, দূতাবাস, নির্বাচন কমিশনের কথাবার্তায় মনে হচ্ছে, সরকার কোনো একটা কিছুর আশঙ্কা করছে। জাতিসংঘ বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শক্ত কোনো ব্যবস্থা নেওয়া হবে এমন আশঙ্কাই হয়তো তাদের মনে কাজ করছে। আবার কেউ কেউ মনে করেন, এগুলো সবই নাটক। বিরোধী দলগুলোকে আবারও মিথ্যা আশায় বিভ্রান্ত করার জন্য সরকার এগুলো বলাচ্ছে। ভেতরে ভেতরে তারা নির্বাচন করে ফেলার সব আয়োজন শেষ করে এনেছে। এমনকি মন্ত্রিসভাও গঠন করা হয়েছে।

তাহলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বরে কেন সমাবেশের ডাক দিল আওয়ামী লীগ। এখন নির্বাচনই তাদের মুখ্য এজেন্ডা। নির্বাচনী প্রসঙ্গ থেকে সরে এসে হঠাৎ এই কর্মসূচি কেন? খবরে বলা হচ্ছে, একই দিন বিএনপিও সমাবেশ ডাকতে পারে, এমন আভাস পেয়ে আগেভাগেই সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। কিন্তু বিএনপি এখনো ঘোষণা দেয়নি। দেবে, এমন নিশ্চয়তা নেই। কেন্দ্রীয় নেতারা সবাই জেলে, জামিনের আবেদন একের পর এক বাতিল হচ্ছে। এ অবস্থায় বিএনপি সমাবেশ ডাকবে কীভাবে?

বহুদিন পর বিএনপির পাল্টা কর্মসূচি হিসেবে নয়, নিজেদের উদ্যোগে আওয়ামী লীগ একটি কর্মসূচি দিল। রাজনৈতিক মহলে এটি বিস্ময় তৈরি করেছে। তারা কি কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা করছে? নাকি এরই মধ্যে নিষেধাজ্ঞার বার্তা পেয়ে গেছে? ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞার প্রকাশ্য ঘোষণা সরকার মাঠে থেকে মোকাবেলা করতে চায়?

অনেক প্রশ্ন সামনে। উত্তর জানতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন