সেনাবাহিনী দেশের বেসামরিক বিভিন্ন উন্নয়নকাজে সম্পৃক্ত হয়ে আর্থিক ভাবে ব্যাপক লাভবান হচ্ছে। এর পরের অবস্থান নৌবাহিনীর। কিন্তু এই দুই বাহিনীর তুলনায় বিমানবাহিনী পিছিয়ে আছে। তাই বেসামরিক উন্নয়নকাজে পিছিয়ে থাকা নৌবাহিনী এবং একেবারেই সুবিধা না পাওয়া বিমানবাহিনীকে সুবিধা দিতে ১৪টি পদ সৃষ্টি করা হচ্ছে। দুই বাহিনী থেকে দুই কর্মকর্তাকে উপদেষ্টা হিসেবেও নিয়োগ দেওয়া হবে।
জানা গেছে, সরকার সাধারণত সশস্ত্র বাহিনীকে বেসামরিক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি দিয়ে থাকে। ফলে সশস্ত্র বাহিনীর মধ্যে সেনাবাহিনী এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে বিপুল পরিমাণ অর্থ আয় করছে। নৌবাহিনীও এই জাতীয় কিছু ঠিকাদারির কাজ করলেও বিমানবাহিনী কিছুই পাচ্ছে না। এতে এই দুই বাহিনীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ অসন্তোষ সরকারের জন্য অস্বস্তির কারণ হতে পারে। তাই এ দুই বাহিনীকেও ঠিকাদারি কাজ করার সুযোগ দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে বাহিনী দুটিতে নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। যাতে নৌবাহিনী আরো বেশি কাজে সম্পৃক্ত হতে পারে এবং বিমানবাহিনীও বঞ্চিত না হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন পদের দুটি উপদেষ্টা পদ মর্যাদার। এর মধ্যে একজন নৌবাহিনীর ক্যাপ্টেন পদবির কর্মকর্তা উপদেষ্টা (নৌ পূর্ত) হিসেবে নিয়োগ পাবেন, অপর জন বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন পদবির কর্মকর্তা উপদেষ্টা (বিমান পূর্ত) হিসেবে নিয়োগ পাবেন। উভয়কেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রেষণে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া দুই সিনিয়র সহকারী সচিব বা সহকারী সচিব, দুই প্রশাসনিক কর্মকর্তা, দুই ব্যক্তিগত কর্মকর্তা, দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং চারজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে দুইটি ক্যাডার পদ স্থায়ীভাবে এবং ১২টি নন ক্যাডার পদ অস্থায়ী ভাবে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা এবং অর্থ বিভাগ এই বিষয়ে সম্মতি দিয়েছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী ২০১৯ সালের ৪ এপ্রিল প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনের সময় বিমান ও নৌবাহিনীর দুই কর্মকর্তাকে পদায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপর ২০২২ সালের ১০ নভেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ত ও উন্নয়ন অনুবিভাগের বর্তমান প্রকৌশল উপদেষ্টা ও গবেষণা কর্মকর্তার পাশাপাশি নৌবাহিনীর ক্যাপ্টেন পদবির কর্মকর্তা উপদেষ্টা (নৌ পূর্ত) এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন পদবির কর্মকর্তা উপদেষ্টাসহ (বিমান পূর্ত) ক্যাডার-নন ক্যাডার মিলিয়ে ১৪টি পদের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।
নৌবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌযুদ্ধ শাখা, যার দায়িত্বে রয়েছে ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার (৪৫,৮৭৪ মা২) সমুদ্রসীমা এবং এই এলাকায় অবস্থিত সকল বন্দর এবং সামরিক স্থাপনার নিরাপত্তা। নৌবাহিনীর প্রাথমিক উদ্দেশ্য হলো দেশের সামুদ্রিক সীমানা রক্ষা করা এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে একত্রে যুদ্ধ এবং শান্তি উভয় ক্ষেত্রে দেশের ভূখণ্ড, জনগণ বা সামুদ্রিক স্বার্থের বিরুদ্ধে যে কোনো হুমকি বা আগ্রাসন প্রতিরোধ বা পরাস্ত করা।
এই বাহিনীর দায়িত্ব হচ্ছে দেশে এবং বিদেশে বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিদেশে মানবিক সহায়তা মিশনেও নেতৃত্বস্থানীয় বাহিনী হিসেবে কাজ করে যাচ্ছে। নৌবাহিনী আঞ্চলিক সন্ত্রাস বিরোধী কার্যক্রমে একটি প্রধান অংশগ্রহণকারী শক্তি এবং জাতিসংঘ মিশনের মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমেও যুক্ত রয়েছে।
একই ভাবে বিমানবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধ শাখা। বিমানবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা। পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদানও বিমানবাহিনীর অন্যতম দায়িত্ব। এ ছাড়া বিমানবাহিনী দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে থাকে এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের সঙ্গেও যুক্ত রয়েছে। ১৯৭১ মহান স্বাধীনতা যুদ্ধে বিমানবাহিনীর বৈমানিকেরা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং স্থলযুদ্ধের প্রস্তুতি ও পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পূর্ত কাজ করে নৌ-কল্যাণ ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। এস আলম গ্রুপের মালিকানাধীন এস এস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ২৫০ কোটি ডলার ব্যয়ে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়।
নিজ দেশ মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেয়া এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে আনার লক্ষ্য নিয়ে ২০১৭ সালের নভেম্বর মাসে প্রকল্প গ্রহণ করে সরকার। এই প্রকল্পের নাম দেয়া হয়েছে আশ্রয়ণ-৩ প্রকল্প, আর এটি বাস্তবায়নের দায়িত্বে ছিল বাংলাদেশ নৌবাহিনী। প্রকল্প বাস্তবায়ন শেষে ভাসানচরের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীকে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনী পরিচালনা করছে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডসহ বিভিন্ন কাজ করছে এ বাহিনী।
সংশ্লিষ্টরা বলছেন, সরকার সেনা ও নৌবাহিনীর পাশাপাশি বিমানবাহিনীকেও উন্নয়নকাজে সম্পৃক্ত করে ভারসাম্য আনার চেষ্টা করছে। যাতে করে উন্নয়ন অর্থের ভাগাভাগি নিয়ে সামরিক বাহিনীর তিন শাখার মধ্যে কোনো অসন্তোষ সৃষ্টি না হয়। বিশেষ করে বর্তমান সময়ে আওয়াম লীগ সরকার তিন বাহিনীকেই উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি দিয়ে অর্থ আয়ের সুযোগ করে দিতে চাইছে।
