Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান

Icon

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৩:১৮ এএম

বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান

বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে ছয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। মঙ্গলবার রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের পক্ষ থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটছে এবং নাগরিক পরিসর ক্রমশ ছোট হয়ে আসছে।

ওই বিবৃতিতে বলা হয়, অক্টোবরের শেষ দিকে সম্মিলিত বিরোধী দলগুলোর সমাবেশ ও মিছিলের পরপরই ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘাত সৃষ্টি করে প্রতিবাদী ও বিরোধী মতকে দমন শুরু করে। সরকারি দমনের মুখে এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে যার মধ্যে একজন গণমাধ্যম কর্মীও রয়েছেন। এ ছাড়া সারা দেশে বিরোধী দলগুলো ৮ হাজার ২৪৯ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে হবিগঞ্জর শায়েস্তাগঞ্জে এক মানববন্ধনে পুলিশ, সরকারি দল ও বিরোধী দলের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। এই পরিস্থিতি মানবাধিকার রক্ষায় জরুরি উদ্যোগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। স্বাধীন তদন্তের মাধ্যমে এর কারণ বের করতে হবে যা পরিস্থিতিকে সংঘাতের দিকে ধাবিত করেছে।

এতে বলা হয়, আইনশৃঙ্খলাবাহিনীর অবাধে কাঁদুনে গ্যাস, লাঠি, রাবার বুলেট এবং একই ধরনের অস্ত্রের ব্যবহার ভয়াবহ উদ্বেগের সৃষ্টি করেছে। তাদের উসকানিতেই সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পুলিশি অস্ত্রের অপব্যবহার বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের আচরণ শুধু নাগরিক অধিকারের লঙ্ঘনই না, একই সঙ্গে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ আলোচনার পথকে রুদ্ধ করে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীকে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক মানবাধিকারের নিয়মনীতি অনুসরণ করতে হবে। একই সঙ্গে তাদের বলপ্রয়োগ ও অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে জাতিসংঘের নিয়মনীতিও মেনে চলতে হবে।

বিবৃতিতে মানবাধিকার সংগঠনগুলো আরো জানায়, অক্টোবর মাস থেকে এ পর্যন্ত ২০ হাজারের বেশি বিরোধী দলের নেতাকর্মীকে আটক এবং ৮৩৭টি ভুয়া মামলা দায়ের করা হয়েছে। যৌক্তিক কারণ থাকার পরও জামিন দিতে আদালত বারবার অস্বীকৃতি জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতন শুধু সম্প্রতিই করা হয়নি। এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে বৈদ্যুতিক শক দেওয়া, উলঙ্গ করা, পানিতে চুবিয়ে রাখা, নির্মমভাবে মারধর করা হয়েছে, মেরে ফেলার ভয় দেখানো, ডান্ডাবেড়ি পরিয়ে রাখা অভিযোগ রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিরোধী নেতাদের নির্বাচনের বাইরে রাখতে সরকার পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে সাজা দিচ্ছে। এমনকি রাতের বেলায় আদালতের কাজ পরিচালনা করা হচ্ছে। দেশটির জনসাধারণ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আসলেও সরকার বিরোধী মতকে দমনে অতিরিক্ত বল প্রয়োগ করছে। নির্বাচনের আগে আগে সরকারি সন্ত্রাস নিয়ে জাতিসংঘও উদ্বেগ প্রকাশ করেছে।

তারা জানায়, আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে বাংলাদেশের জনসাধারণের সঙ্গে আছি।

বিবৃতিতে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ছাড়াও ক্যাপিটাল পানিশম্যান্ট জাস্টিস প্রজেক্ট, দি ইউনাইটেড অ্যাগেইনস্ট টর্চার কনসোরটিয়াম, এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেনসেস, অ্যান্টি ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল কোয়ালিশন অ্যাগেইনস্ট এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেনসেস স্বাক্ষর করেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন