ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মীদের উপর ছাত্রলীগের হামলায় ৩০ জন আহত হয়েছে। মিছিল শেষে মঙ্গলবার সন্ধ্যায় সমাবেশ শুরু করলে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মীদের উপর হামলা করে ছাত্রলীগ।
পানছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশের আয়োজন করেছিল গণতান্ত্রিক ছাত্র জোট। বিকালে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ শুরু করে।
গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা কর্মীরা জানিয়েছেন, সম্প্রতি রাজু ভাস্কর্যকে ফেস্টুন দিয়ে ঢেকে ফেলা হয়েছিল। এখানে ক্যাম্পাসের সব সংগঠনই সমাবেশ করে। ছাত্রলীগও করে। ভাষ্কর্যের কিছু নীতিমালা আছে। সেই নীতিমালা লংঘন করে প্রধানমন্ত্রীর বন্দনা করে থ্যাংক ইউ পি এম লিখা ফেস্টুন দিয়ে ভাষ্কর্যকে আড়াল করে ফেলা হয়েছিল। এটা এক ধরনের শিষ্টাচার বর্হিভূত কাজ। আমরা এর প্রতিবাদ করেছিলাম সঙ্গে সঙ্গে। ছাত্র জোটের পক্ষ থেকে এই ফেস্টুন সরিয়ে ফেলার অনুরোধ করা হয়। তখন ছাত্রলীগের পক্ষ থেকে সাতদিনের মধ্যে সরিয়ে ফেলার কথা বলা হয়। কিন্তু সাতদিন পার হয়ে গেলেও ফেস্টুন সরানো হয়নি। মঙ্গলবার সন্ধ্যার দিকে ফেস্টুন সরিয়ে ছাত্র জোটের নেতাকর্মীরা সমাবেশের উদ্যোগ নিলে ছাত্রলীগের নেতা কর্মীরা হামলা করে।
ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম বাংলা আউটলুককে বলেন, ছাত্রলীগের হামলায় ৩০ জনের মত আহত হয়েছে। শুধু তাই নয়। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মিলন চত্বরে ও ডাসের সামনে গনতান্ত্রিক ছাত্র জোটের নেতা কর্মীদের উপর হামলা করে।
পরে সন্ধ্যার দিকে পুলিশ ও ছাত্রলীগ রাজু ভাস্কর্য এলাকায় অবস্থান নেয়।
