Logo
Logo
×

সংবাদ

১ লাখ ৩০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই থাকবেন নারী: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৫:৪৬ পিএম

১ লাখ ৩০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই থাকবেন নারী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুঃখজনক হলেও সত্য শহরের মানুষ কিছুটা চিকিৎসাসেবা পেলেও গ্রামের মানুষের আমরা চিকিৎসা সুবিধা দিতে পারিনি। সে জন্য আমরা বলেছিলাম, আমরা একটি ব্যবস্থা গ্রহণ করতে চাই। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সচেতনতার মাধ্যমে অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, তাহলে অসুস্থতার হার কমে আসবে। তারপরও যারা অসুস্থ হবে, তারা বেটার চিকিৎসা পাবে।

আজ শনিবার সকালে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সিলেট সিটি করপোরেশন এলাকায় সুরমা নদীর উভয় তীরে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছি। যেখানে ৮০ ভাগ থাকবেন নারী। তাঁদের দায়িত্ব হলো গ্রামে গ্রামে মানুষের ঘরে যাওয়া। শহরেও তাঁরা থাকবেন, মানুষকে সচেতন করবেন। আমরা বেশি জোর দেব গ্রামের মানুষদের। তাঁরা গ্রামে গিয়ে মানুষকে বোঝাবেন কোন খাবার খেলে ডায়াবেটিস হবে, কোন খাবার খেলে হার্টে সমস্যা হবে না, সেসব বিষয়ে সচেতন করবেন, হাইজিন সম্পর্কে মানুষকে সচেতন করবেন। এতে অসুস্থ রোগীর সংখ্যা কমে আসবে।’

নদীদূষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বুড়িগঙ্গার পানি ইতিমধ্যে বিষাক্ত হয়ে গেছে। অন্যান্য নদীর ক্ষেত্রেও এমন পরিস্থিতি হলে, তা ভয়াবহ সংকট তৈরি করবে। এ জন্য প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের এ বিষয়ে শিক্ষা দিলে তারা পরিবারেও সচেতনতা ছড়িয়ে দিতে পারবে।

সড়ক যোগাযোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় যখন সিলেটে এসেছিলাম, তখন বলেছিলাম—সিলেট থেকে লন্ডন যেতে ৯ ঘণ্টা বা সাড়ে ৯ ঘণ্টা লাগে। ঢাকা-সিলেট মহাসড়কের অবস্থা এতই খারাপ যে মনে হয় ১০ ঘণ্টার বেশি সময় লেগে যায়। সেদিন বলেছিলাম, আমরা সরকার গঠন করার পরে এই কাজটিতে হাত দেব। সরকার গঠনের পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে বসেছি। তারা জানাল, ১১টি জায়গায় প্রশাসনিক জটিলতাসহ নানা কারণে কাজটি বন্ধ রয়েছে। রাস্তাটির সকল জটিলতা শেষে কাজটি শুরু হতে সময় লাগবে এবং শুরু হলে তো শেষ হবে ইনশা আল্লাহ। কয়েক বছরের মধ্যে আমরা এটা শেষ করতে পারব, আর কাজটি হয়ে গেলে মানুষের যাতায়াতে এত কষ্ট ভোগ করতে হবে না।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন