সরকার ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে: নাহিদ ইসলাম
সরকার ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল এবং জনগণকে আমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলাম এই নির্বাচনটি একটি পরিবর্তনের নির্বাচন হবে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে, বর্তমান সরকার গেল নির্বাচনটিকে স্রেফ একটি ক্ষমতার পালাবদলের হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছি। স্থানীয় সরকার নির্বাচন এবার তারুণ্যের জয়জয়কার হবে এবং সেটা এনসিপির নেতৃত্বে হবে।
তিনি বলেন, এনসিপির ছায়াতলে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। প্রতি সপ্তাহে নতুন যোগদানকারীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। এরই মধ্যে দলে যুক্ত হয়েছেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি ও ইসহাক সরকার।
ইসহাক সরকার প্রসঙ্গে তিনি বলেন, ইসহাক সরকার জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলে নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। তার হাত ধরে বিএনপি থেকে অসংখ্য নেতাকর্মী আজ এনসিপিতে যোগ দিয়েছেন।

