Logo
Logo
×

সংবাদ

প্রধানমন্ত্রীর আরও দুজন বিশেষ সহকারী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম

প্রধানমন্ত্রীর আরও দুজন বিশেষ সহকারী নিয়োগ

ড. সাইমুম পারভেজ ও এস এম জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও দুজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে এস এম জিয়াউদ্দিন হায়দারকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।  আর ড. সাইমুম পারভেজকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী করা হয়েছে।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। 

প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী, জিয়াউদ্দিন হায়দারকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ ও দায়িত্ব অর্পণ করেছেন। অন্যদিকে সাইমুম পারভেজকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের চার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দুজন আর একজন সচিব ও আরেকজন গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ পান।

তখন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া দুজনের মধ্যে সাবেক আমলা বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক এবং তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী করা হয়।

এছাড়া মো. শাকিরুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক এবং মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে গ্রেড-২ পদমর্যাদা দিয়ে যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন