প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান
প্রথমবারের মতো বগুড়ায় প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ জেলা বগুড়ার উদ্দেশে সফর শুরু করেছেন। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে রওয়ানা দেন। পরে সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া শহরের সার্কিট হাউজে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।
এদিকে সফরসূচি সূত্রে জানা যায়, বেলা ১১টায় বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এরপর বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং সিটি করপোরেশনের আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
দিনের দ্বিতীয়ার্ধে গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন।
পরে তিনি নিজ পৈতৃক বাড়ি যাবেন এবং বিকেলে পুনরায় শহরে ফিরবেন। বিকেল ৪টায় জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নিজ জেলায় পৌঁছানোর পর তিনি স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে জানা গেছে।

