ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি কোনো শান্তিচুক্তি না হলে আবারও সামরিক হামলা শুরুর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, চলমান যুদ্ধবিরতির মেয়াদও বাড়ানো নাও হতে পারে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে পরিস্থিতি আবারও সংঘাতে রূপ নিতে পারে।
তিনি বলেন, হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াব না, তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ বহাল থাকবে। ফলে অবরোধ চলবে, আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।
ইসলামাবাদে নতুন বৈঠকের সম্ভাবনা
এদিকে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ আগামী সোমবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনার সম্ভাবনা রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ইরানি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, উভয় দেশের প্রতিনিধিদল রোববার (১৯ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছাতে পারেন।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ভবিষ্যৎ এবং সম্ভাব্য স্থায়ী চুক্তির দিকনির্দেশনা নির্ধারণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

