Logo
Logo
×

সংবাদ

ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম

ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতি, দুঃশাসন, ভঙ্গুর অর্থনীতি এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদ, যুদ্ধাহত ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘আজকের এই মহতী অনুষ্ঠানের শুরুতেই আমি বাংলাদেশের জন্মযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই, যাঁদের আত্মত্যাগে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে যাঁরা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, সেই সকল আহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের গভীর ভালোবাসা। তাঁদের উদ্দেশে বলতে চাই, আপনাদের সাহসী ভূমিকা এখনো বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় মানুষের জন্য প্রেরণা। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ—এভাবে দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে যাঁরা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

স্বাধীনতা পুরস্কারের প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, ‘স্বাধীন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যাঁরা দেশ এবং জনগণের জন্য স্মরণীয় অবদান রেখেছেন, তাঁদেরকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেছিলেন।’

চলতি বছর নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সরকার ১৫ বিশিষ্ট নাগরিক এবং ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নারী শিক্ষাসহ দেশ গঠনে অসামান্য অবদানের জন্য খালেদা জিয়াকে এ বছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে।„

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন