দল সংরক্ষিত নারী আসনে যোগ্যদেরই বেছে নেবে: রিজভী
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে যোগ্যদেরই বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, যাদের সংসদে কথা বলার দক্ষতা রয়েছে, সমাজে যাদের সুনাম আছে তাদের নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
রিজভী আহমেদ আরও বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার জন্য গতকাল শুক্রবার পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। আজকে শনিবার সকাল ১০টা থেকে আমাদের অফিসের কর্মকর্তারা ফরম বিতরণ করছেন। গতকাল শুক্রবার, আজকে শনিবার ও আগামীকাল রবিবার —এই তিন দিন ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। এটা অব্যাহতভাবে চলবে।
রিজভী বলেন, গতকালও অনেকে জমা দিয়ে গেছেন। দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে যে বোর্ড আছে সেখানে আবেদনটি যাবে। কি পদ্ধতিতে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে সেটি আজ-কালের মধ্যে জানা যাবে।
রিজভী আরও বলেন, আমরা প্রত্যাশা করছি গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে তাদের সংসদ সদস্যদের বাছাই করে। একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হবে। অর্থাৎ যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদের মনোনয়ন ফরম বিতরণ করছি। সেটি তারা পূরণ করে যেসব ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেই ডকুমেন্টসহ আমাদের কাছে জমা দেবেন।

