চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ২৬ হাজার টন অকটেন
মধ্যপ্রাচ্যে উত্তজনার মধ্যে জ্বালানি তেলের একটি বড় চালান পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। গতকাল বুধবার রাতে ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে মালয়েশিয়া থেকে আসা ‘এমটি সেন্ট্রাল স্টার’ জাহাজটি বন্দরের বহির্নোঙরে ভিড়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমটি সেন্ট্রাল স্টার ছাড়াও চলতি সপ্তাহের শেষ দিকে ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজ আসার কথা রয়েছে। বর্তমানে বন্দরের বহির্নোঙরে আরও চারটি জাহাজ প্রায় ৪৩ হাজার টন জ্বালানি তেল নিয়ে খালাসের অপেক্ষায় আছে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রাফায়েত হোসেন বলেন, মালয়েশিয়া, ভারত ও চীন থেকে অকটেন, ডিজেল ও এলপিজিবাহী পাঁচটি জাহাজ বন্দরে পৌঁছেছে। নির্ধারিত সময় অনুযায়ী বিপিসি এসব জাহাজ থেকে জ্বালানি খালাস করবে। আগামী কয়েক দিনে আরও বেশ কিছু জাহাজ আসার কথা রয়েছে।
বিপিসির তথ্য অনুযায়ী, বুধবার অকটেনের পাশাপাশি মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল এবং ভারত, চীন ও মালয়েশিয়া থেকে পৃথক তিনটি জাহাজে করে প্রায় সাড়ে সাত হাজার টন এলপিজি বন্দরে পৌঁছেছে।
সংশ্লিষ্টদের আশা, অকটেনের এই চালান আসায় দেশে চলমান সংকট কিছুটা হলেও কমবে।

