Logo
Logo
×

সংবাদ

হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পিএম

হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

যুদ্ধের কারণে দীর্ঘ ২৮ দিন পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে যাত্রা শুরু করেছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।  ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, জাহাজটি প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে যাত্রা শুরু করেছে এবং হরমুজ প্রণালির মুখে পৌঁছাতে ৩৮-৪০ ঘণ্টা সময় লাগবে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রণালি অতিক্রমের আগে সেটিকে অপেক্ষা করতে বলা হয়েছে।

আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, বুধবার দুপুরে জাহাজটি প্রায় ৯.৫ নটিক্যাল মাইল গতিতে পারস্য উপসাগর অতিক্রম করছিল।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে উপসাগরে প্রবেশ করে। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর যুদ্ধ পরিস্থিতির কারণে এটি ফিরে যেতে বাধ্য হয় এবং দীর্ঘদিন আটকে ছিল।

অন্যদিকে, ‘নর্ডিক পলক্স’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কার এখনও সৌদি আরবের রাস তানুয়ারা বন্দরে আটকে রয়েছে। প্রায় ৬০০ কোটি টাকা মূল্যের ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল বহনকারী এই জাহাজটির যাত্রা শুরুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিএসসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলের জন্য আন্তর্জাতিক ছাড়পত্রের অপেক্ষা চলছে। একই সঙ্গে জ্বালানি তেল দীর্ঘদিন আটকে থাকায় দেশের জ্বালানি সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত জাহাজ চলাচল শুরু হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন