যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি
হরমুজ প্রণালি খোলার খবরে কমতে শুরু করেছে তেলের দাম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে যুদ্ধবিরতি ঘোষণা আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এর আগে ইরানের তেলক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং পালটাপালটি হিসেবে তেহরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকিতে তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছিল।
যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হরান হরমুজ প্রণালি খুলে দেবে এ খবরে তেলের দাম অন্তত ১৫ শতাংশ কমেছে বলে জানিয়েছে বিবিসি। বিশ্ববাজারে আজ বুধবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলার ৩০ সেন্টে নেমে গেছে। আর যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম প্রায় সাড়ে ১৬ শতাংশ কমে ৯৩ ডলার ৮০ সেন্টে দাঁড়িয়েছে।
তবে দাম কমলেও তা যুদ্ধের আগের পরিস্থিতির তুলনায় এখনও অনেক বেশি। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৭০ ডলারের মতো। যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যায়। একপর্যায়ে তা ব্যারেলপ্রতি ১১৯ ডলারে উঠে যায়।
যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বেড়ে যায় জ্বালানি ব্যয়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার জবাবে হরমুজ প্রণালি ব্যবহার করা জাহাজগুলোর ওপর ইরান হামলার হুমকি দিলে সংকট আরও তীব্র হয়।
তবে বিশ্লেষকদের মতে, তেলের দাম কমলেও তা এখনো ফেব্রুয়ারির শেষ দিকের তুলনায় অনেক বেশি অবস্থানে রয়েছে।

