Logo
Logo
×

সংবাদ

জ্বালানি সংকটের প্রভাব খাদ্যসহ সব ধরনের পণ্যের ওপর পড়বে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০১:১৩ পিএম

জ্বালানি সংকটের প্রভাব খাদ্যসহ সব ধরনের পণ্যের ওপর পড়বে: অর্থমন্ত্রী

জ্বালানি সংকটের প্রভাব খাদ্যসহ সব ধরনের পণ্যের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।  আজ রবিবার আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে এবং জাতিসংঘের অঙ্গসংস্থা ওএইচআরএলএলএস ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয়ের সহযোগিতায় জাতীয় মাল্টিস্টেকহোল্ডার কনসালটপশন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জ্বালানি সংকট ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। এটি শুধুমাত্র জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না, খাদ্যসহ সব ধরনের পণ্যের বাজারে এর প্রভাব পড়বে এবং মূল্যস্ফীতি বাড়বে, যা ইতিমধ্যে একটি বৈশ্বিক বাস্তবতা।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রে দ্বিগুণ হয়েছে, শ্রীলঙ্কায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এখনো তুলনামূলকভাবে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে দীর্ঘ সময় ধরে এই চাপ বহন করা সরকারের পক্ষে সম্ভব নয়।

অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান দেশের পরিস্থিতিতে এলডিসি গ্র্যাজুয়েশন (উন্নয়নশীল দেশের তালিকা থেকে উত্তরণ) অর্জনের মতো প্রস্তুতি এখনো সম্পূর্ণ নয়। বিশেষ করে বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীণ দেনার চাপ, উচ্চ সুদের হারে ঋণ গ্রহণের ঝুঁকি এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকার যেহেতু একটি নির্বাচিত সরকার, তাই জনগণের ওপর হঠাৎ করে অতিরিক্ত চাপ সৃষ্টি না করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, যদি এই আর্থিক চাপ অব্যাহত থাকে এবং সরকারি তহবিল থেকে রক্তক্ষরণ চলতে থাকে, তাহলে শেষ পর্যন্ত এর ক্ষতি জনগণের ওপরই বর্তাবে। সুতরাং, বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক সিদ্ধান্তগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে। একদিকে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে, অন্যদিকে অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতাও নিশ্চিত করতে হবে বলে মনে করেন তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন