Logo
Logo
×

সংবাদ

জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম

জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী। জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কার্যকর করতে পারবে বর্তমান পার্লামেন্ট।

আজ শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন মন্ত্রী এ কথা বলেন।

মো.আসাদুজ্জামান আরও বলেন, জুলাই সনদ কিভাবে কার্যকর হবে, সেটা এই সনদের মধ্যেই বলে দেয়া আছে। সুতরাং, জুলাই সনদ হওয়া না হওয়া নিয়ে গণভোট বাতিল হওয়া নির্ভর করে না। এটা আমরা পার্লামেন্টে সুস্পষ্টভাবে বলেছি।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদকে হৃদয়ে ধারণ করে। জুলাই সনদকে চেতনায় ধারণ করে। 

মন্ত্রী বলেন, বিএনপি বিশ্বাস করে যে জুলাই সনদ এ দেশের ২০২৪ এর জুলাই আগস্টে ছাত্র-জনতার রক্তের অক্ষরে লিখিত। বিএনপি বিশ্বাস করে, জুলাই সনদ এদেশের আপামর জনসাধারণের একটি মুক্তির সনদ।’

মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন করতে বিএনপি অঙ্গিকারবদ্ধ। আর এই জুলাই সনদই বলছে, আমাকে বাস্তবায়ন করো সংবিধান সংশোধনের মধ্য দিয়ে।’

তিনি বলেন, এটা জুলাই সনদে সুস্পষ্টভাবে লিখিত আছে। সুতরাং, যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, এটা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য। তারা বলে, ৭২ এর সংবিধান মানি না। আমরা বলি, ৭২ এর সংবিধান জুলাই সনদের অংশ।

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইনমন্ত্রী বলেন, আসুন কথা বলি, কোনটা আইনে পরিণত হবে, কোনটা হবে না সেটার ওপর ডিবেট করি। সেটা না করে, আপনারা কি করছেন? রাষ্ট্রপতির ভাষণ বয়কট করছেন। রাষ্ট্রপতির হাতে শপথ নিলেন, রাষ্ট্রপতির সংশোধনী মানছেন।

বিরোধী দলকে উদ্দেশ্য করে এ সময় তিনি আরও বলেন, ‘জুলাই গণভোট অধ্যাদেশের কথা যে বলছেন, এটাও তো রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশ। এইগুলো মানতে পারবেন, আবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা করতে চান। অথচ, রাষ্ট্রপতির ভাষণের সময় উনারা বয়কট করলেন, বললেন উনারা ভাষণ শুনবেন না।’

আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, জুলাই সনদের ২২ নম্বর ক্লজে লেখা রয়েছে, জুলাই সনদ স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে সনদে স্বাক্ষরকারী দলগুলো কমপক্ষে ৫ শতাংশ নারীদের প্রার্থী করবে। বিএনপি প্রায় ৫ শতাংশ নারীকে প্রার্থী করেছে, যদিও ৫ শতাংশ পুরোপুরি পারেনি। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন