মাগুরায় বিএনপি অফিসে হঠাৎ শফিকুল আলম
‘আগে ৮ লাখ টাকা আয় করতাম’—বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা
মাগুরায় বিএনপির পুরোনো জেলা কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলমের আকস্মিক উপস্থিতি ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি শহরের ভেঙে পড়া পুরোনো জেলা বিএনপির কার্যালয়ে গিয়েছিলেন।
শফিকুল আলমের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়।
জেলা বিএনপির নেতারা জানান, সেখানে গিয়ে শফিকুল আলম বিএনপির সাবেক মন্ত্রী মজিদুল হকের পরিবারের সদস্যদের বর্তমান রাজনৈতিক অবস্থান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় জেলা বিএনপির নেতা আহসান হাবীব কিশোরসহ কয়েকজনের সঙ্গে তিনি কথা বলেন।

আলোচনার একপর্যায়ে শফিকুল আলমকে বলতে শোনা যায়, সরকারে যোগদানের আগে তিনি প্রতি মাসে প্রায় আট লাখ টাকা আয় করতেন। সরকারি দায়িত্ব নেওয়ার পর আর্থিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক প্রেস সচিবের এই মন্তব্য নিয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তাৎক্ষণিকভাবে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
এদিকে সন্ধ্যার পর হঠাৎ করে তার এভাবে বিএনপির কার্যালয়ে যাওয়াকে ঘিরে মাগুরার রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের এক নেতা বলেন, আমরা অতীতে শুনেছি তিনি বিএনপি টিকিটে নির্বাচন করতে চান।
ঘটনার সময় উপস্থিত এক বিএনপি নেতা বলেন, সাবেক প্রেস সচিবের কথাবার্তায় খুবই বালখিল্যতা চোখে পড়েছে।
বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য বাংলা আউটলুককে সম্প্রতি বলেন, সরকারে থাকা অবস্থায়
প্রেস সচিব কয়েকবার তিনি তার রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহের কথা প্রকাশ করেছিলেন।
সম্প্রতি সরকারি দায়িত্ব শেষ করে আলোচিত এই সাবেক প্রেস সচিব একটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে সাবেক প্রেস সচিব শফিকুল আলমের কাছে প্রশ্ন করা হলে তিনি রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

