৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সেল পুনর্গঠন
বিএনপির নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল পুনর্গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
গত সোমবার এক প্রজ্ঞাপনে বলা হয়, পুনর্গঠিত সেলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানকে।
সেলে সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, টেকনিক্যাল এক্সপার্ট ড. মো. সাইমুম পারভেজ, টেকনিক্যাল এক্সপার্ট জামাইল বশীর জেবি এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক।
এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব সেলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেলের প্রধান কার্যপরিধির মধ্যে রয়েছে বৃক্ষরোপণের জন্য চারা সংগ্রহ, উপযুক্ত প্রজাতি নির্বাচন, উপযুক্ত স্থান নির্ধারণ, বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম সমন্বয়, মনিটরিং, প্রচার-প্রচারণা এবং কর্মসূচির অর্থায়ন নিশ্চিত করা।
প্রয়োজনে সেল নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

