Logo
Logo
×

সংবাদ

এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৩:২০ পিএম

এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব

সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড। নতুন প্রস্তাব অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণের আবেদন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, বেসরকারি এলপিজির তুলনায় রাষ্ট্রীয় কোম্পানির গ্যাসের দাম কম হওয়ায় বাজারে ক্রসফিলিংয়ের ঘটনা ঘটছে। এই সমস্যা মোকাবিলা ও খরচ সমন্বয়ের যুক্তি দেখিয়ে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

নতুন প্রস্তাবটি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে পরবর্তী সময়ে তা কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া। তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার ভিত্তিতে দাম বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিল। তখন ক্রসফিলিং বন্ধ করা, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহণ ব্যয়, অপারেশন খরচ ও বিভিন্ন চার্জ বৃদ্ধির কারণ দেখানো হয়েছিল।

তবে সেই প্রস্তাব নাকচ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। কমিশন তখন দাম বাড়ানোর আবেদন গ্রহণ না করায় আগের মূল্যই বহাল থাকে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন