তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই। তাই দাম বাড়বে এই আশঙ্কায় অতিরিক্ত তেল মজুত করা ঠিক হবে না। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যেসব দেশ থেকে বাংলাদেশে পেট্রোলিয়াম আসে, সেসব অঞ্চলে যুদ্ধ চলায় সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এজন্য সরকার সতর্ক অবস্থান নিয়েছে এবং মজুত তেল সাশ্রয়ীভাবে ব্যবহারের জন্য রেশনিং চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের কাছে জ্বালানি তেলের মজুত আছে। কিন্তু যুদ্ধ কতদিন চলবে তা আমরা জানি না। তাই সব একসঙ্গে খরচ না করে রেশনিং করে ব্যবহার করলে দীর্ঘ সময় চলা সম্ভব হবে।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে সমুদ্রে থাকা কয়েকটি তেলবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। আজ বেলা ১১টার দিকে একটি জাহাজ নোঙর করেছে এবং আরও একটি জাহাজ নোঙর করার কথা রয়েছে। এসব জাহাজ থেকে তেল সরবরাহ শুরু হলে মজুত আরও বাড়বে।
তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে পেট্রোল পাম্পে কিছু জায়গায় দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তবে, আতঙ্কিত হয়ে তেল মজুত করার কোনো প্রয়োজন নেই। তেলের দাম বাড়ানোরও আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই।
বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, রমজান মাসে ইফতার, তারাবি ও সেহরির সময় যেন কোনো লোডশেডিং না হয় সে বিষয়ে সরকার বিশেষ নির্দেশনা দিয়েছে।

