পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী। আজ রবিবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর এটি গৃহীত হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি ছিলেন একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী। এ পদে চাকরিকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল।
ঢাকা ওয়াসার জনতথ্য কর্মকর্তা ইমরুল হাসান বলেন, আব্দুস সালাম ব্যাপারী স্যার পদত্যাগ করেছেন।
এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে। ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন আব্দুস সালাম ব্যাপারী।

