Logo
Logo
×

সংবাদ

ঈদের কেনাকাটা করে ফেরার পথে রাজধানীতে প্রাণ হারালেন বাবা-মেয়েসহ চারজন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:০৬ এএম

ঈদের কেনাকাটা করে ফেরার পথে রাজধানীতে প্রাণ হারালেন বাবা-মেয়েসহ চারজন

পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীতে চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে সায়েন্সল্যাব মোড়ে বাবা-মেয়ে এবং তেজগাঁও এলাকায় অটোরিকশা উল্টে চালক ও যাত্রী নিহত হন।

পুলিশ জানিয়েছে, ঈদের কেনাকাটা করতে মেয়েকে নিয়ে বের হয়েছিলেন গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন। কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা।

রাত ৯টার দিকে সায়েন্সল্যাব মোড়ে পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন। তার মেয়ে সিথি (২৩) গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, হারুনুর রশিদ সানি নামের একজন ঈদের কেনাকাটা শেষে পরিবার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন।

সাত রাস্তার মোড়ে অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সবাই গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হারুনুর রশিদ সানি ও অটোরিকশাচালক আলিমকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, এ ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন