Logo
Logo
×

সংবাদ

উত্তরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৪:১০ পিএম

উত্তরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ

রাজধানীর উত্তরা এলাকার কামারপাড়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন।  আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— মো. রুবেল (২৮), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই মো. এনায়েত (৩২), তার স্ত্রী মোছা. দুলারা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১৩), এনায়েতের ভাই মো. হাবিব (৩০), ভাগনি আয়েশা (১৯) ও আবু কালাম রুবেল (৩৫)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সাজেদ মাতব্বর জানান, উত্তরার কামারপাড়া ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডের মেম্বার বাড়ির পাশে আবুল কালামের বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন রুবেল। ভোরে ওই বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

জানা গেছে, রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করেন। তার চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী এবং কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সোনিয়া আক্তারের শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া এনায়েত আলী ৪৫ শতাংশ, রুবেল ৩২ শতাংশ, রিয়া ৩২ শতাংশ, জুনায়েদ ২৪ শতাংশ, হাবিব ১৯ শতাংশ, শিশু রোজা ১৮ শতাংশ, দুলারা খাতুন ১৪ শতাংশ, আয়েশা ১২ শতাংশ এবং আবু কালাম রুবেলের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, যাদের দগ্ধের মাত্রা বেশি তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এবং অন্যদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন