ভারত সাময়িকভাবে রাশিয়ার তেল কিনতে পারবে: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র হঠাৎ করেই ভারতের জন্য একটি সীমিত ছাড় ঘোষণা করেছে। এই ছাড়ের ফলে ভারতীয় তেল শোধনাগারগুলো সাময়িকভাবে রাশিয়ার তেল কিনতে পারবে। তবে সময় খুবই কম—মাত্র ৩০ দিন।
বুধবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এ ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ৩০ দিনের একটি ‘ওয়েভার’ বা ছাড় দিয়েছে। এর ফলে ভারতীয় কোম্পানিগুলো সমুদ্রে আটকে থাকা রাশিয়ান তেলের লেনদেন সম্পন্ন করতে পারবে।
বেসেন্ট জানান, এই সিদ্ধান্ত স্থায়ী নয়। এটি কেবল অস্থায়ী একটি ব্যবস্থা। তার ভাষায়, ‘এটি ইচ্ছাকৃতভাবে খুব স্বল্পমেয়াদি একটি পদক্ষেপ। এতে রাশিয়ার সরকারের উল্লেখযোগ্য আর্থিক লাভ হবে না। কারণ এতে কেবল সেই তেল লেনদেনের অনুমতি দেওয়া হচ্ছে, যা ইতিমধ্যে সমুদ্রে আটকে আছে।’
বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই যুক্তরাষ্ট্রের এই নীতিগত পরিবর্তন এসেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাজারে আশঙ্কা বাড়ছে যে সংকট দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নেই।
এই পরিস্থিতিতে বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘স্টপ-গ্যাপ ব্যবস্থা’ নিয়েছে। তার অভিযোগ, ‘ইরান বৈশ্বিক জ্বালানি সরবরাহকে জিম্মি করার চেষ্টা করছে।’ এই কারণেই বাজারে ধাক্কা সামাল দিতে সাময়িক ছাড় দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিরাপত্তা দিয়ে এগিয়ে নেবে। ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ প্রণালীর চলাচল সীমিত করে দিয়েছে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ।
এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা বৈরুতের দক্ষিণ উপশহরের ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করেছে। এর আগে ওই এলাকায় বসবাসকারী প্রায় পাঁচ লাখ মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শহর ছাড়তে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১২৩ জন নিহত এবং ৬৮৩ জন আহত হয়েছে।

