দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পলাশ সার কারখানার উৎপাদন গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। গতকাল বুধবার বিকেল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কারখানার সার উৎপাদন বন্ধ করা হয় বলে জানান কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম।
কারখানা সূত্রে জানা যায়, শতভাগ উৎপাদনে চালু ছিল এ সার কারখানাটি। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ২৮০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সার কারখানার উৎপাদন পুরোপুরিভাবে গ্যাসনির্ভর। সার কারখানাটি গ্যাস সংকটে বন্ধ হওয়ার পর কারখানার গুদামে ৫ লাখ ২৫ মেট্রিক টন সার মজুত রয়েছে।
সার কারখানাটিতে নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১-৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তাছাড়া ৫২-৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও উৎপাদন চালিয়ে রাখা যায়।
কারখানার প্রশাসনিক কর্মকর্তারা জানান, গ্যাস পেলে কারখানায় আবার পুরোপুরি উৎপাদনে যাওয়া যাবে বলে। তবে কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
