ছবি: পেন্টাগন প্রকাশিত ভিডিও থেকে
শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে মার্কিন সাবমেরিনের ছোড়া টর্পেডোর আঘাতে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। ট্রাম্প প্রশাসন তেহরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার যে হুমকি দিয়েছিল, তার ধারাবাহিকতায় এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার ইরানের ফ্রিগেট ‘আইরিস ডেনা’-তে হামলার ঘটনায় অন্তত ৮৭ জন নাবিক নিহত হয়েছেন। জাহাজটি ভারত আয়োজিত বঙ্গোপসাগরের একটি নৌ-মহড়ায় অংশ নিয়ে আন্তর্জাতিক জলসীমা দিয়ে ফিরছিল।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, শ্রীলঙ্কার উপকূলের কাছে থাকা অবস্থায় একটি মার্কিন সাবমেরিন থেকে ছোড়া মার্ক ৪৮ টর্পেডোতে জাহাজটি ডুবে যায়। পেন্টাগন সাদা-কালো ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় টর্পেডোর আঘাতে সমুদ্রে বিশাল পানির স্তম্ভ উঠছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান, বুধবার ভোর ৫টা ৮ মিনিটে আইরিস ডেনা থেকে বিপদ সংকেত পাওয়া যায়। সকাল ৬টা ও ৭টায় দুটি নৌযান উদ্ধার অভিযানে পাঠানো হয়।
শ্রীলঙ্কার কর্মকর্তারা জানান, প্রায় ১৮০ জন নাবিক থাকা জাহাজটি থেকে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সমুদ্র থেকে ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার সময় জাহাজটি ছি উপকূল থেকে প্রায় ৪৪ নটিক্যাল মাইল দূরে, শ্রীলঙ্কার অর্থনৈতিক অঞ্চলের ভেতরে ছিল। উদ্ধার তৎপরতা এখনো চলছে।

