পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হিসেবে এমন কোনো কাজ করা যাবে না, যার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আজ বুধবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনাকে যানজটমুক্ত ও আধুনিকায়ন করার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এ সময় মন্ত্রী পুলিশের পক্ষ থেকে উত্থাপিত সব সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমান আইন-শৃঙ্খলার যাবতীয় সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রীর যথাযথ নির্দেশনায় শিগগিরই সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

