ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় লেবাননে ইরান-সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
এর পরপরই লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে ইসরায়েল।
সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করে ধ্বংস করেছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের খোলা জায়গায় গিয়ে বিস্ফোরিত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত দক্ষিণাংশের শহরতলিতে বিমান হামলা চালায়। রাজধানীতে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
হামলার পর আক্রান্ত এলাকা ও আশপাশের বাসিন্দারা গাড়িতে ও হেঁটে বৈরুত ছাড়তে শুরু করেন। এতে বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়।
ইসরায়েল জানিয়েছে, বৈরুতের কাছে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারদের লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

