ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই বাংলাদেশির নাম-পরিচয় জানায়নি কর্তৃপক্ষ।
অবশ্য বিভিন্ন সূত্র বলেছে, নিহত ওই বাংলাদেশির নাম সালেহ আহমদ। তিনি আজমান প্রদেশে কর্মরত ছিলেন।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালেহ আহমদ সেখানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হলে বিস্ফোরণে মৃত্যু হয় তাঁর। নিহত সালেহ আহমেদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সালেহ আহমেদ ইফতার শেষে জরুরি খাদ্য পানীয় সরবরাহের কাজে বের হন। তাঁর সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন। হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ আহমেদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তাঁর শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল।
