১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
খুব শিগগির পুলিশের আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।
‘পুলিশের জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগির আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে।
এর বাইরে এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ নেওয়া হবে, সেটা যথা সময়ে পরে জানানো হবে বলে জানান মন্ত্রী।
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা নেওয়া ও পরিকল্পনা মোতাবেক কাজ সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।

