ঢাবিতে ২ নারীকে হেনস্তার অভিযোগে তদন্ত কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের কাছে দুই শিক্ষার্থীর দ্বারা দুই নারী হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার ভোরে এই লাঞ্ছিতের ঘটনা ঘটে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, গতকাল ওই নারীদের সঙ্গে থাকা দুই ব্যক্তি তার দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পর এই কমিটি গঠন করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্তদের একজন বাঁশের লাঠি হাতে এক নারীকে লাথি মারার চেষ্টা করছেন।
ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা সেফ না। ৫ আগস্টের পরও আমরা সেফ না। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। আমাদের ড্রেসে নাকি লেখা আছে প্রস্টিটিউট।’
তিনি আরও বলছিলেন, ‘নাজিরাবাজারে সেহরি খেয়ে আমরা টিএসসিতে এসেছিলাম। তারা আমার রাইডারকে চড় মেরেছে। আমাদের প্রস্টিটিউট বলেছে। তারা কীভাবে নারীর গায়ে হাত তোলে?’
একপর্যায়ে ভিডিওর বাইরে থেকে কাউকে বলতে শোনা যায়, ‘কোনো প্রমাণ নেই।’ জবাবে ওই নারী বলেন, ‘সিসিটিভি ফুটেজ আছে।’
অপর এক নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সে আমাকে চড় মারল কেন? ঢাবির একজন শিক্ষার্থী আমাকে মারবে কেন? আমি কি এখানে আসতে পারব না? আমি কি বাংলাদেশের বাইরে থেকে এসেছি?’
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ও বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষার এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ও জিয়া হলের আবাসিক শিক্ষার্থী রাকিব আহমেদ সোহান।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন শাহরিয়ার। তিনি দাবি করেন, নারীদের সঙ্গে থাকা এক ব্যক্তির সঙ্গে তার ধস্তাধস্তি হলেও তিনি কোনো নারীর গায়ে হাত তোলেননি।
তবে রাকিবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে ঢাবির চার শিক্ষার্থীকে শনাক্ত করেছেন।
প্রক্টর আরও জানান, ভুক্তভোগী নারীরা নিজেরা কোনো অভিযোগ করেননি, তবে তাদের সঙ্গে থাকা দুই ব্যক্তি প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন।

