রাউজানে দোকানের ভেতর যুবদল কর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার অলিমিয়াহাট বাজারে একটি ফলের দোকানের ভেতর এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৫০)। তিনি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনজু পিতার বাড়ির প্রয়াত আব্দুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের কর্মী এবং রাউজানের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
পারিবারিক সূত্র বলেছে, মুজিবুর রহমানের দুই ছেলে রয়েছে। বড় ছেলে মানসিক সমস্যায় ভুগছেন আর ছোট ছেলে প্রবাসে আছেন। পেশায় মুজিবুর ঘটক ছিলেন।
স্থানীয় সূত্র বলেছে, মুজিবুর আজ সন্ধ্যায় ইফতারের পর অলিমিয়াহাটের মফিজ সওদাগরের ফলের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। তবে কারা গুলি করেছে, তা জানা যায়নি।
এ বিষয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাব।’

