গভর্নর পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকারের যে কর্মসূচি আছে, যে অগ্রাধিকার আছে এবং যে চিন্তাভাবনা আছে—এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন, সেখানেই পরিবর্তন হবে।’ তিনি জানান, আরও পরিবর্তন হবে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল এবং নতুন গভর্নর নিয়োগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
আজ বুধবার দুপুরে সরকার আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেয়। বিকেল পৌনে ৪টার দিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এক প্রজ্ঞাপনে আগের গভর্নরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। অন্য প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়।
পরে সচিবালয়ে সাংবাদিকেরা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চান। জবাবে অর্থমন্ত্রী বলেন, একটি নতুন সরকার এসেছে। নতুন সরকারের নিজস্ব অগ্রাধিকার আছে। পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকেই হয়নি, আরও অনেক জায়গায় হচ্ছে এবং হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারের কর্মসূচি ও নীতিগত দিকনির্দেশনা বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন আনা হবে। প্রয়োজনে আরও অনেক ক্ষেত্রেই এমন সিদ্ধান্ত আসতে পারে—এটিকে তিনি স্বাভাবিক প্রক্রিয়া বলেই উল্লেখ করেন।

