বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মোস্তাকুর রহমান। আজ বুধবার অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।মোস্তাকুর রহমান বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন।
এর আগে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। ড. মনসুর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
এদিকে আজ বুধবার দুপুরের দিকে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় থেকে হঠাৎ বেরিয়ে যান গভর্নর। এ সময় পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন বাংলাদেশ ব্যাংকের কেউ না।’
বাংলাদেশ ব্যাংক থেকে বের হওয়ার সময় ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আমি পদত্যাগ করিনি এবং আমাকে রিমুভ করার আনুষ্ঠানিক চিঠি পাইনি। তবে শুনেছি যে আমি পদে নেই। সেজন্য শোনার পর বাংলাদেশ ব্যাংক থেকে চলে যাচ্ছি।’

