Logo
Logo
×

সংবাদ

ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম

ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চের প্রথম দিকে ঢাকায় আসছেন। তার এ সফর দুই দিনের হবে।

৩ ও ৪ মার্চ তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় তিনি নতুন সরকারের সঙ্গে বৈঠক করবেন।

গত ১২ ফেব্রুয়ারি দেশে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবারের ভোট ছিল বেশি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু। এ নির্বাচনের মধ্য দিয়ে ঝুঁকির মুখে থাকা বাংলাদেশের গণতন্ত্র নতুন এক পর্যায়ে উত্তীর্ণ হয়েছে।

ওই নির্বাচনের পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধির এটি হবে ঢাকায় প্রথম দ্বিপক্ষীয় সফর।

সোমবার দুপুরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে পল কাপুরের আসন্ন ঢাকা সফর ছিল আলোচ্যসূচির অন্যতম বিষয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনায় পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারত্বের গুরুত্ব উঠে এসেছে।

দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উন্নয়ন অংশীদারত্ব, অভিবাসন এবং জনগণের মধ্যে বিনিময়সহ সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলো পর্যালোচনা করেন।

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে ধারাবাহিক রাজনৈতিক সহায়তা কামনা করেন।

বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে যে, ভবিষ্যতে সব ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানেও তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন