Logo
Logo
×

সংবাদ

চাঁদা নয়, যাত্রী উঠানো নিয়ে বিরোধে লেগুনাচালক খুন; গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

চাঁদা নয়, যাত্রী উঠানো নিয়ে বিরোধে লেগুনাচালক খুন; গ্রেপ্তার তিন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে লেগুনাচালক মো. নূরে আলম ইসলাম ওরফে খাইরুল (৩৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০।

র‌্যাব সূত্র জানায়, কয়েক দিন আগে যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোডগামী লেগুনা স্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে খাইরুলের সঙ্গে মো. হৃদয় হোসেনের (২৪) বাকবিতণ্ডা হয়। এ সময় তাকে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি বেলা ২টা ৪৫ মিনিটে কুতুবখালী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া গার্মেন্টসের সামনে লেগুনা চালানোর সময় খাইরুলকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২১ ফেব্রুয়ারি মো. সোহান মুন্সী (২৯) এবং ২৩ ফেব্রুয়ারি মো. হৃদয় হোসেন (২৪) ও মো. শাকিলকে (২৯) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এর আগে দাবি করা হয়েছিল, চাঁদাসংক্রান্ত পূর্ববিরোধের জেরে যাত্রাবাড়ী মোড়ের কয়েকজন চালক নুরে আলমকে মারধর করেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন