চট্টগ্রামে বাসার রান্নাঘরে গ্যাস বিস্ফোরণে ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
চট্টগ্রামে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক।
সোমবার ভোরে চট্টগ্রাম শহরের হালিশহরের এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, ভোরের দিকে ভবনের তৃতীয় তলার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে ঘরে অবস্থানরত নারী ও শিশুসহ সবাই গুরুতর দগ্ধ হন।
আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ বলেন, ‘দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।’
বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামে এক পুরুষের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া একজনের শরীরের ৮০ শতাংশ, একজনের ৪৫ শতাংশ এবং বাকিদের শরীরের ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

